বাণিজ্য মেলার নামে জুয়া-লটারি বন্ধের দাবিতে স্মারকলিপি

আব্দুল্লাহ সামী, কুমিল্লা(উত্তর)

প্রকাশ: ২০:১৯, ৭ অক্টোবর ২০২৬

বাণিজ্য মেলার নামে জুয়া-লটারি বন্ধের দাবিতে স্মারকলিপি

কুমিল্লা শহরে বাণিজ্য মেলার নামে জুয়া, লটারি ও অনৈতিক কার্যক্রম বন্ধের দাবি জানিয়েছেন হেফাজতে ইসলাম বাংলাদেশ, কুমিল্লা মহানগরীর সমন্বয়ে গঠিত সাতটি ইসলামি দল ও জেলা কওমি মাদরাসা সংগঠনের নেতারা।

দাবি বাস্তবায়ন না হলে আগামী ৯ অক্টোবর শুক্রবার বাদ জুমা নগরীর কান্দিরপাড় থেকে মেলা অভিমুখে লংমার্চের ঘোষণা দিয়েছেন তারা।

মঙ্গলবার জেলা প্রশাসকের কাছে স্মারকলিপি প্রদান ও সংবাদ সম্মেলনে এসব দাবি জানানো হয়। এ সময় নেতৃবৃন্দ বাণিজ্য মেলার নামে জুয়া, লটারি ও বিভিন্ন অনৈতিক কার্যক্রম পরিচালনার অভিযোগে ক্ষোভ ও উদ্বেগ প্রকাশ করেন।

স্মারকলিপিতে বলা হয়, গত বছর আয়োজিত মেলায় লটারি ও জুয়ার বিরুদ্ধে ব্যাপক জনরোষ সৃষ্টি হলে কর্তৃপক্ষ মেলা বন্ধ করতে বাধ্য হয়। চলতি বছর মেলা শুরুর আগে প্রশাসনের মধ্যস্থতায় আয়োজক কর্তৃপক্ষ জুয়া, কুপন ড্র, লটারি এবং মেলার বাইরে টিকিট বিক্রি না করার বিষয়ে লিখিত প্রতিশ্রুতি দেয়।

তবে মেলা শুরুর পর ওই প্রতিশ্রুতি ভঙ্গ করে বিভিন্ন স্থানে টিকিট ও কুপন বিক্রি এবং লটারিসদৃশ কার্যক্রম চালানো হচ্ছে বলে অভিযোগ করেন আলেম নেতারা। এসব কার্যক্রমে বাধা দিতে গেলে স্থানীয় আলেম ও সাধারণ মানুষকে হুমকি দেওয়ারও অভিযোগ করা হয়।

স্মারকলিপিতে তিন দফা দাবি জানানো হয়েছে। দাবিগুলোর মধ্যে রয়েছে— মেলার নামে চলমান জুয়া, লটারি ও জনস্বার্থবিরোধী কার্যক্রম অবিলম্বে বন্ধ করা, প্রতিশ্রুতি ভঙ্গ ও লটারিসদৃশ কার্যক্রমের নিরপেক্ষ তদন্ত করে আইনানুগ ব্যবস্থা নেয়া এবং আগামী বছর থেকে বাণিজ্য মেলার আড়ালে জুয়া, লটারি ও অনৈতিক বিনোদনের অনুমতি না দিতে স্থায়ী প্রশাসনিক ব্যবস্থা গ্রহণ।

নেতৃবৃন্দ বলেন, তাদের আন্দোলন কোনো ব্যক্তি বা প্রতিষ্ঠানের বিরুদ্ধে নয়; কুমিল্লার সামাজিক পরিবেশ, তরুণ প্রজন্ম ও জনস্বার্থ রক্ষাই তাদের কর্মসূচির মূল লক্ষ্য।

মঙ্গলবার জেলা প্রশাসকের কাছে স্মারকলিপি দেয়ার পর আগামী ৯ অক্টোবর বাদ জুমা কান্দিরপাড় থেকে মেলা অভিমুখে লংমার্চের ঘোষণা দেয়া হয়।

স্মারকলিপিতে হেফাজতে ইসলাম কুমিল্লা মহানগরের সভাপতি মুফতি শামসুল ইসলাম জিলানীসহ সংশ্লিষ্ট সংগঠনগুলোর দায়িত্বশীলরা স্বাক্ষর করেন।

আরও পড়ুন