ত্রিশালে দুই কাভার্ড ভ্যান ও লরির সংঘর্ষে আহত ৩

মাহমুদুল হাসান, ময়মনসিংহ

প্রকাশ: ২৩:২০, ৮ অক্টোবর ২০২৬

ত্রিশালে দুই কাভার্ড ভ্যান ও লরির সংঘর্ষে আহত ৩

ময়মনসিংহের ত্রিশালে দুই কাভার্ড ভ্যান ও একটি লরির ত্রিমুখী সংঘর্ষে চালকসহ তিনজন আহত হয়েছেন। বৃহস্পতিবার (৮ অক্টোবর) রাত ৮টার দিকে উপজেলার বড় পুকুরপাড় এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শী ও স্থানীয়রা জানান, রাতে হঠাৎ বিকট শব্দ শুনে আশপাশের লোকজন ঘটনাস্থলের দিকে ছুটে যান। সেখানে গিয়ে তারা দুই কাভার্ড ভ্যান ও একটি লরির মধ্যে ত্রিমুখী সংঘর্ষের দৃশ্য দেখতে পান। সংঘর্ষে তিনটি যানবাহনই ক্ষতিগ্রস্ত হয় এবং চালকসহ তিনজন আহত হন।

পরে স্থানীয়রা ফায়ার সার্ভিস ও পুলিশকে খবর দেন। খবর পেয়ে ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে আহতদের উদ্ধার করে চিকিৎসার জন্য হাসপাতালে পাঠান। দুর্ঘটনার খবর ছড়িয়ে পড়লে ঘটনাস্থলে স্থানীয়দের ভিড় জমে যায়।

আহতদের মধ্যে কাভার্ড ভ্যানের চালক রিয়াজ ও হেলপার ইসমাইল রয়েছেন। তারা রাঙ্গামাটি জেলার লংগদু উপজেলার ভাসান্যদম ইউনিয়নের শিলকাটা ছড়া গ্রামের বাসিন্দা। দুর্ঘটনায় আহত অপর ব্যক্তির পরিচয় ও ঠিকানা তাৎক্ষণিকভাবে জানা যায়নি।

ত্রিশাল থানার এসআই রেজাউল করিম বলেন, দুর্ঘটনার খবর পাওয়ার সঙ্গে সঙ্গে আমরা ঘটনাস্থলে আসি। ফায়ার সার্ভিসের সদস্যরা আহতদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেছেন। আহতদের পরিচয় জানতে ফায়ার সার্ভিসের সঙ্গে যোগাযোগ করা হচ্ছে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, দুর্ঘটনার পর কিছু সময় ঘটনাস্থলে মানুষের ভিড় তৈরি হয়। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এবং দুর্ঘটনার বিষয়ে প্রাথমিক তথ্য সংগ্রহ করে।

তবে কী কারণে দুই কাভার্ড ভ্যান ও লরির মধ্যে ত্রিমুখী সংঘর্ষের ঘটনা ঘটেছে, তা তাৎক্ষণিকভাবে নিশ্চিত হওয়া যায়নি। দুর্ঘটনার প্রকৃত কারণ জানতে বিষয়টি খতিয়ে দেখছে পুলিশ।

আরও পড়ুন