চট্টগ্রামে চুরি হওয়া দুই মাসের শিশু উদ্ধার, গ্রেপ্তার ২

মোঃ দিদারুল ইসলাম, চট্টগ্রামঃ

প্রকাশ: ২২:৪৩, ৮ অক্টোবর ২০২৬

চট্টগ্রামে চুরি হওয়া দুই মাসের শিশু উদ্ধার, গ্রেপ্তার ২

চট্টগ্রাম নগরীর কোতোয়ালী থানা এলাকা থেকে চুরি হওয়া দুই মাস বয়সী শিশু মোহাম্মদ হোসাইনকে উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় সংঘবদ্ধ শিশু পাচার ও চোরচক্রের দুই সদস্যকে গ্রেপ্তার করা হয়েছে।

বুধবার (৭ অক্টোবর) সন্ধ্যায় নগরীর পাহাড়তলী থানাধীন রেলগেট বলুয়ারদিঘীর উত্তর পাড় এলাকায় অভিযান চালিয়ে শিশুটিকে উদ্ধার এবং ওই দু’জনকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারকৃতরা হলেন- নোয়াখালীর সেনবাগ উপজেলার মহরম আলী (৫০) ও চট্টগ্রামের মিরসরাই উপজেলার মো. ইব্রাহিম (৩৮)।

পুলিশ জানায়, শিশুটির বাবা মো. রাজীব স্ত্রী ও দুই মাস বয়সী সন্তানকে নিয়ে নগরীর বিআরটিসি ফলমন্ডী এলাকায় ফুটপাতে বসবাস করতেন। গত ৩ অক্টোবর ভোরে ফুটপাতে মশারি টাঙিয়ে ঘুমিয়ে থাকা অবস্থায় তাদের সন্তানকে

চুরি করে নিয়ে যায় সংঘবদ্ধ চক্রটি। ঘুম থেকে উঠে সন্তানকে দেখতে না পেয়ে দিশেহারা হয়ে পড়েন বাবা-মা। পরে তারা পুলিশের দ্বারস্থ হন।

অতিরিক্ত দায়িত্বে থাকা সিএমপির সহকারী পুলিশ কমিশনার (জনসংযোগ) আমিনুর রশিদ জানান, শিশুটিকে উদ্ধারে পুলিশ অভিযান শুরু করে। বুধবার পাহাড়তলী এলাকায় অভিযান চালিয়ে মহরম আলীকে হাতেনাতে গ্রেপ্তার করা হয়। এ সময় তার হেফাজত থেকে শিশুটিকে অক্ষত অবস্থায় উদ্ধার করা হয়।

পরে মহরম আলীর দেয়া তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়ে একটি বাসা থেকে অপর আসামি মো. ইব্রাহিমকে গ্রেপ্তার করা হয়।

এ ঘটনায় কোতোয়ালী থানায় মামলা দায়ের করা হয়েছে। সংঘবদ্ধ চক্রটির সাথে জড়িত অন্যান্য সহযোগীদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে বলে জানিয়েছে পুলিশ।

আরও পড়ুন