সাকিব চৌধুরী, মীরসরাই (চট্টগ্রাম)
প্রকাশ: ২২:৩০, ৮ অক্টোবর ২০২৬
বৃহস্পতিবার (৮ অক্টোবর) বিকেল সাড়ে ৩টার দিকে উপজেলার সোনাইছড়ি ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডের উত্তর ঘোড়ামরা এলাকার একটি পুরনো জাহাজ ভাঙা কারখানার দক্ষিণ-পশ্চিম পাশের সাগর উপকূল থেকে মরদেহটি উদ্ধার করা হয়। বিষয়টি নিশ্চিত করেছেন কুমিরা নৌ পুলিশ ফাঁড়ির পরিদর্শক মো. ছমিউদ্দিন।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার সকাল সাড়ে ৯টার দিকে জোয়ারের পানিতে শিশুটির মরদেহ ভেসে আসতে দেখেন স্থানীয়রা। পরে বিষয়টি নৌ পুলিশকে জানানো হয়। খবর পেয়ে নৌ পুলিশের সদস্যরা ঘটনাস্থলে গিয়ে গাউছিয়া কমিটির সহযোগিতায় মরদেহটি উদ্ধার করেন।
কুমিরা নৌ পুলিশের পরিদর্শক মো. ছমিউদ্দিন জানান, উদ্ধার হওয়া শিশুটির বয়স আনুমানিক তিন বছর। মরদেহটি অর্ধগলিত অবস্থায় ছিল। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, প্রায় সাত থেকে আট দিন আগে শিশুটির মৃত্যু হয়েছে।
তিনি আরো জানান, শিশুটির পরিচয় এখনো শনাক্ত করা সম্ভব হয়নি। মরদেহের সুরতহাল প্রতিবেদন প্রস্তুত শেষে ময়নাতদন্তের জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে।
এদিকে, শিশুটির পরিচয় ও মৃত্যুর কারণ জানতে পুলিশ তদন্ত শুরু করেছে।