রিয়াজ উদ্দিন, কক্সবাজার
প্রকাশ: ২২:৩৬, ৮ অক্টোবর ২০২৬
বৃহস্পতিবার (৮ অক্টোবর) সকাল ৬টার দিকে সেন্টমার্টিনসংলগ্ন বাংলাদেশ-মিয়ানমার আন্তর্জাতিক সমুদ্রসীমার (আইএমবিএল) কাছে বাংলাদেশের জলসীমায় বিশেষ অভিযান চালায় কোস্ট গার্ড স্টেশন সেন্টমার্টিন।
কোস্ট গার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন বিষয়টি নিশ্চিত করেন। তিনি জানান, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালানোর সময় একটি সন্দেহজনক ইঞ্জিনচালিত কাঠের বোটকে থামার সংকেত দেওয়া হয়। কোস্ট গার্ডের উপস্থিতি টের পেয়ে বোটে থাকা মাদক পাচারকারীরা তিনটি বস্তা সমুদ্রে ফেলে মিয়ানমারের জলসীমার দিকে পালিয়ে যায়।
পরে কোস্ট গার্ডের অভিযানিক দল সমুদ্রে ফেলে দেওয়া বস্তাগুলো তল্লাশি করে বিপুল পরিমাণ মাদক উদ্ধার করে। এর মধ্যে ৪ লাখ ১০ হাজার ইয়াবা এবং ২১ কেজি ৫০০ গ্রাম হেরোইন রয়েছে। জব্দ করা মাদকের আনুমানিক বাজারমূল্য ৪২ কোটি টাকা বলে জানিয়েছে কোস্ট গার্ড।
জব্দ করা মাদকের বিষয়ে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে। সেন্টমার্টিন দ্বীপের সার্বিক নিরাপত্তা নিশ্চিত এবং মাদকের বিস্তার রোধে এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে বলে জানিয়েছে কোস্ট গার্ড।