পূর্বধলায় শিশু বলাৎকার, ফার্মেসি মালিক গ্রেপ্তার

নেত্রকোণা প্রতিনিধি

প্রকাশ: ১৬:৩৫, ১৯ অক্টোবর ২০২৬

পূর্বধলায় শিশু বলাৎকার, ফার্মেসি মালিক গ্রেপ্তার

নেত্রকোণার পূর্বধলা উপজেলার গোহালাকান্দা ইউনিয়নের জালশুকা গ্রামে ১৩ বছর বয়সী এক শিশুকে বলাৎকারের অভিযোগে এক ফার্মেসি মালিককে গ্রেপ্তার করেছে পুলিশ।

গ্রেপ্তারকৃত ব্যক্তির নাম আব্দুল্লাহ আল মামুন দুলাল (৫৩)। তিনি জালশুকা গ্রামের মৃত কাশেম মাস্টারের ছেলে এবং স্থানীয় মা ফার্মেসির মালিক।

পুলিশ সূত্রে জানা যায়, রবিবার (১৮ অক্টোবর) রাত আনুমানিক ১০টার দিকে এ ঘটনা ঘটে। ভুক্তভোগী শিশুটি অভিযুক্তের ফার্মেসিতে কর্মচারী হিসেবে কাজ করত। ঘটনার দিন দোকান বন্ধের পর শিশুটি অভিযুক্তের বাসায় যায়। ওই সময় বাসায় অভিযুক্ত ছাড়া কেউ ছিল না বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে।

পরে শিশুটি বাড়ি ফিরে পরিবারকে বিষয়টি জানালে এলাকায় জানাজানি হয়। স্থানীয় জনতা অভিযুক্তের বাড়ি ঘেরাও করে শ্যামগঞ্জ তদন্তকেন্দ্রে খবর দেয়।খবর পেয়ে তদন্তকেন্দ্রের ইনচার্জ পুলিশ পরিদর্শক মোহাম্মদ সেন্টু মিয়ার নেতৃত্বে পুলিশ ঘটনাস্থলে গিয়ে অভিযুক্তকে আটক করে।

এ ঘটনায় ভুক্তভোগীর পরিবারের পক্ষ থেকে পূর্বধলা থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়। অভিযোগের ভিত্তিতে নারী ও শিশু নির্যাতন দমন আইন, ২০০০ এর ৯(১) ধারায় মামলা রুজু করা হয়েছে (এফআইআর নং-২৭, তারিখ: ১৯ অক্টোবর ২০২৬)।

বিষয়টি নিশ্চিত করে পূর্বধলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি)আব্দুল্লাহ আল মামুন জানান,খবর পাওয়ামাত্রই অভিযান চালিয়ে আসামিকে গ্রেপ্তার করা হয়েছে এবং আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।

এ সম্পর্কিত খবর

আরও পড়ুন