সাভারে ছাত্রদল নেতার বিরুদ্ধে ঝুট ছিনতাইয়ের অভিযোগ

মো: শরীফ সরকার, সাভার

প্রকাশ: ১৬:৩৯, ১৯ অক্টোবর ২০২৬

সাভারে ছাত্রদল নেতার বিরুদ্ধে ঝুট ছিনতাইয়ের অভিযোগ

দেশীয় অস্ত্রের মুখে ঢাকার সাভারে একটি প্রতিষ্ঠানের ভ্যানচালককে জিম্মি করে প্রায় ৪২ হাজার টাকা মূল্যের এক্সেসরিজ ঝুট ও কার্টুনের মালামাল ছিনতাইয়ের অভিযোগ উঠেছে এক ছাত্রদল নেতা ও তার সহযোগীদের বিরুদ্ধে।

অভিযুক্তরা হলেন— সাভার পৌর ছাত্রদল নেতা তারেক হাসান শুভ (২৭), ফরিদুর রেজা সাগর (৩০), আসাদুল (৩২) এবং অজ্ঞাতনামা আরও ৫ থেকে ৬ জন।

এ ঘটনায় সাভার মডেল থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন ভুক্তভোগী প্রতিষ্ঠান এন.এস.আর ইন্টারন্যাশনালের স্টোর ম্যানেজার আজিজুল হক রবিন।

অভিযোগ সূত্রে জানা যায়, গেল ১৭ অক্টোবর (শুক্রবার) বিকেল ৫টার দিকে এন.এস.আর ইন্টারন্যাশনালের প্রায় ৪২ হাজার টাকা মূল্যের এক্সেসরিজ ঝুট ও কার্টুনের মালামাল নিয়ে ভ্যানচালক মো. মুক্তার (২৮) ডেলিভারির উদ্দেশ্যে সাভার মডেল থানাধীন ব্যাংক টাউনের দিকে রওনা হন। পথিমধ্যে উলাইল বাসস্ট্যান্ড-সংলগ্ন ঢাকা-আরিচা মহাসড়কে পৌঁছালে আগে থেকে ওত পেতে থাকা অভিযুক্ত ব্যক্তিরা তিনটি মোটরসাইকেল যোগে এসে তার পথরোধ করে। এ সময় তারা দেশীয় অস্ত্রের মুখে ভ্যানচালককে জিম্মি করে সঙ্গে থাকা মালামাল জোরপূর্বক ছিনিয়ে নেয়।

অভিযোগে আরও বলা হয়, ভ্যানচালক মুক্তার ছিনতাইয়ে বাধা দেওয়ার চেষ্টা করলে অভিযুক্তরা তাকে এলোপাতাড়ি চর-থাপ্পড় মারে। পরে মালামাল নিয়ে দ্রুত ঘটনাস্থল থেকে পালিয়ে যায় অভিযুক্তরা।

ঘটনার পর ভ্যানচালক মোবাইল ফোনে বিষয়টি প্রতিষ্ঠান কর্তৃপক্ষকে জানান। খবর পেয়ে প্রতিষ্ঠানের লোকজন দ্রুত ঘটনাস্থলে গিয়ে তাকে উদ্ধার করেন এবং স্থানীয়ভাবে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়।

এ বিষয়ে সাভার মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইফুল আলম বলেন, “অভিযোগটি আমলে নেওয়া হয়েছে। তদন্ত করে দোষীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।”

তবে ছিনতাই হওয়া মালামাল উদ্ধারে তদন্তের অগ্রগতি সম্পর্কে এখনো কিছু জানা যায়নি।

এ সম্পর্কিত খবর

আরও পড়ুন