রিয়াজ উদ্দিন, কক্সবাজার
প্রকাশ: ১৬:২৯, ১ নভেম্বর ২০২৬
কিশোর গ্যাংয়ের দৌরাত্ম্য নির্মূলে কঠোর অবস্থান নিয়েছে পুলিশ। এ অপরাধ নির্মূলে জিরো টলারেন্স নীতি অনুসরণের ঘোষণা দিয়েছেন পুলিশের চট্টগ্রাম রেঞ্জের ডিআইজি আব্দুল কুদ্দুছ চৌধুরী। তিনি বলেছেন, সন্ধ্যার পর কোনো স্কুল-কলেজের শিক্ষার্থীকে অপ্রয়োজনে রাস্তায় ঘোরাফেরা করতে দেখা গেলে তাদের বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
গত শনিবার (৩১ অক্টোবর) সন্ধ্যায় কক্সবাজার শহরের পাবলিক লাইব্রেরির শহীদ সুভাষ হলে জেলা পুলিশের আয়োজনে ‘নারী ও শিশুর প্রতি সহিংসতা প্রতিরোধ এবং সামাজিক অপরাধ দমন’ শীর্ষক সুধী সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
ডিআইজি বলেন, কিশোর গ্যাংয়ের উত্থানের অন্যতম কারণ পারিবারিক শাসন ও নজরদারির অভাব। পড়াশোনার বয়সে সন্তানরা কোথায় যাচ্ছে, কার সঙ্গে মিশছে—সে বিষয়ে অভিভাবকদের যথাযথ খোঁজখবর রাখতে হবে। পরিবার ও শিক্ষাপ্রতিষ্ঠানের দায়িত্বশীল ভূমিকা ছাড়া এ অপরাধ নির্মূল করা সম্ভব নয়।
তিনি আরও বলেন, ‘আমরা সিদ্ধান্ত নিয়েছি, কিশোর গ্যাং এ দেশ থেকে নির্মূল করব। কিশোর গ্যাং বলতে কিছু থাকবে না। এটি পুরোপুরি নির্মূল করতে আমাদের প্রতিরোধমূলক ব্যবস্থা অব্যাহত থাকবে।’
সমাবেশে সভাপতিত্ব করেন কক্সবাজারের পুলিশ সুপার এএনএম সাজেদুর রহমান। এতে বক্তব্য দেন পৌর বিএনপির সভাপতি রফিকুল ইসলাম চৌধুরী, সদর উপজেলা বিএনপির সভাপতি ও বীর মুক্তিযোদ্ধা আবদুল মাবুদ, কক্সবাজার প্রেসক্লাবের সভাপতি মাহবুবর রহমান এবং জেলা শ্রমিক দলের সভাপতি রফিকুল ইসলাম।
বক্তারা বলেন, কক্সবাজার শহরে নানা ধরনের অপরাধ সংঘটিত হচ্ছে। এসব অপরাধ নিয়ন্ত্রণে জেলা পুলিশ সম্প্রতি কার্যকর পদক্ষেপ নিয়েছে। তবে শুধু পুলিশের অভিযান দিয়ে অপরাধ নির্মূল সম্ভব নয়। এ জন্য রাজনৈতিক, সামাজিক ও পেশাজীবী সংগঠনের নেতাকর্মীদের পাশাপাশি সাধারণ মানুষকেও সম্মিলিতভাবে এগিয়ে আসতে হবে।
সমাবেশে বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও পেশাজীবী সংগঠনের নেতারা উপস্থিত ছিলেন।