এসআরবির অভিযানে গৌরীপুরে বিদেশি পিস্তলসহ যুবক গ্রেপ্তার

নিজস্ব প্রতিবেদক:

প্রকাশ: ১৬:৪৮, ১ নভেম্বর ২০২৬ | আপডেট: ১৬:৪৯, ১ নভেম্বর ২০২৬

এসআরবির অভিযানে গৌরীপুরে বিদেশি পিস্তলসহ যুবক গ্রেপ্তার

ময়মনসিংহের গৌরীপুরে বিশেষ অভিযান চালিয়ে একটি অবৈধ বিদেশি পিস্তলসহ মো. আসাদুজ্জামান টিপু (২৫) নামে এক যুবককে গ্রেপ্তার করেছে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়নের (এসআরবি-১৪) সিপিএসসি দল।

শনিবার (৩১ অক্টোবর ২০২৬) রাত আনুমানিক ১০টা ৪৫ মিনিটে গৌরীপুর থানার ডৌহাখলা ইউনিয়নের গয়েশখিলা গ্রামে এ অভিযান পরিচালনা করা হয়।

এসআরবি-১৪-এর দেওয়া তথ্য অনুযায়ী, গোপন সংবাদের ভিত্তিতে আভিযানিক দলটি গয়েশখিলা গ্রামের মেসার্স প্রতিশ্রুতি এন্টারপ্রাইজের পেছনের একটি ফাঁকা জায়গায় অভিযান চালায়। এ সময় পুলিশের উপস্থিতি টের পেয়ে পালানোর চেষ্টা করলে টিপুকে আটক করা হয়।

পরে স্থানীয় লোকজন ও সাক্ষীদের উপস্থিতিতে তল্লাশি চালানো হলে তাঁর পরা প্যান্টের ডান পাশে গুঁজে রাখা একটি ম্যাগাজিনবিহীন পিস্তল পাওয়া যায়। অস্ত্রটি জব্দ করে জব্দতালিকায় অন্তর্ভুক্ত করা হয়।

উদ্ধার করা অস্ত্রটির গায়ে ‘TOKYO MARUI MADE IN JAPAN’ এবং ‘M1911A U.S. ARMY’সহ বিভিন্ন লেখা খোদাই করা রয়েছে। অস্ত্রটির আড়াআড়ি দৈর্ঘ্য ৯ ইঞ্চি ৮ সুতা এবং ব্যারেলের দৈর্ঘ্য সাড়ে ৭ ইঞ্চি বলে জানিয়েছে সংশ্লিষ্ট সূত্র।

এসআরবি-১৪ জানায়, আটক যুবক উদ্ধার করা অস্ত্রের কোনো বৈধ লাইসেন্স দেখাতে পারেননি। পরে তাঁর বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য জব্দ করা অস্ত্রসহ তাঁকে গৌরীপুর থানায় হস্তান্তর করা হয়েছে।

এ সম্পর্কিত খবর

আরও পড়ুন