নিজস্ব প্রতিবেদক,ঢাকা
প্রকাশ: ১৬:০৮, ১ নভেম্বর ২০২৬
ঢাকা ম্যাস ট্রানজিট কম্পানি লিমিটেড (ডিএমটিসিএল) আজ দুপুরে জানিয়েছে, সব মেট্রোস্টেশন খোলা রয়েছে। মেট্রো চলাচলও স্বাভাবিক রয়েছে।
এদিকে পুলিশ জানিয়েছে, মিরপুর এলাকায় আন্দোলনকারীদের ছত্রভঙ্গ করে দেওয়া হয়েছে। সড়কে যান চলাচল স্বাভাবিক হয়েছে।
এর আগে পোশাক শ্রমিকদের সঙ্গে পুলিশের সংঘর্ষের কারণে রবিবার (১ নভেম্বর) দুপুরে রাজধানীর মিরপুরের পল্লবী, মিরপুর-১১ এবং মিরপুর ১০ নম্বর স্টেশন বন্ধ করে দেওয়া হয়। এ ছাড়াও শেওড়াপাড়া ও কাজীপাড়া স্টেশনও সাময়িক বন্ধ ছিল বলে জানা গেছে।
মাসিক মজুরি ন্যূনতম ৩০ হাজার টাকা করার দাবিতে আজ সকাল ৯টার দিকে বিভিন্ন পোশাক কারখানার কয়েক শ শ্রমিক রাস্তায় নেমে বিক্ষোভ শুরু করেন। এতে মিরপুর এলাকায় যান চলাচল পুরোপুরি বন্ধ হয়ে যায়।
ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) যুগ্ম কমিশনার মহিদুল ইসলাম দুপুরে জানান, জনভোগান্তি কমাতে আন্দোলনকারীদের ছত্রভঙ্গ করা হয়েছে।
বর্তমানে সড়কে যান চলাচলও স্বাভাবিক রয়েছে বলে জানান তিনি। শেষ খবর পাওয়া পর্যন্ত মিরপুর ১০ পুলিশের নিয়ন্ত্রণে রয়েছে। সীমিতভাবে কিছু যানবাহন চলাচল শুরু হয়েছে। তবে রাস্তা এখন প্রায় ফাঁকা। পুলিশ রাস্তায় কাউকে দাঁড়াতে দিচ্ছে না।
মিরপুর থানার কর্তব্যরত অফিসার এসআই হাফিজুল ইসলাম বলেন, ‘এই মুহূর্তে পুলিশের নিয়ন্ত্রণে রয়েছে এলাকা। আমদের ঊর্ধ্বতন কর্মকর্তারা ঘটনাস্থলে রয়েছেন। তারা পর্যবেক্ষণ করছেন।’