বিশ্বনাথে বর্ণাঢ্য আয়োজনে ‘নতুন কুঁড়ি স্পোর্টস’ সিজন-২-এর উদ্বোধন

আরকুম আলী, বিশ্বনাথ(সিলেট)

প্রকাশ: ১৯:১৯, ৫ নভেম্বর ২০২৬

বিশ্বনাথে বর্ণাঢ্য আয়োজনে ‘নতুন কুঁড়ি স্পোর্টস’ সিজন-২-এর উদ্বোধন

সিলেটের বিশ্বনাথে বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে তৃণমূল পর্যায়ের শিশু-কিশোরদের ক্রীড়া প্রতিভা অন্বেষণের লক্ষ্যে ‘নতুন কুঁড়ি স্পোর্টস’ সিজন-২-এর উদ্বোধন করা হয়েছে।

\বৃহস্পতিবার (৫ নভেম্বর) দুপুর ৩টায় খুলনা জেলা স্টেডিয়াম থেকে প্রধানমন্ত্রী তারেক রহমান দেশব্যাপী একযোগে ৫০৩টি উপজেলায় এ ক্রীড়া প্রতিযোগিতার উদ্বোধন ঘোষণা করেন। এর অংশ হিসেবে বিশ্বনাথ উপজেলা প্রশাসনের উদ্যোগে স্থানীয় অডিটোরিয়ামে উদ্বোধনী অনুষ্ঠানের আয়োজন করা হয়।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থেকে বিশ্বনাথের প্রতিযোগিতার আনুষ্ঠানিক উদ্বোধন করেন সিলেট-২ আসনের সংসদ সদস্য ও বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা তাহসিনা রুশদী লুনা।

কেন্দ্রীয় উদ্বোধনী অনুষ্ঠানে ভার্চুয়ালি যুক্ত হয়ে প্রধানমন্ত্রী তারেক রহমান বলেন, মাদকমুক্ত, সুস্থ ও সবল সমাজ গঠনে খেলাধুলার বিকল্প নেই। তৃণমূল পর্যায়ের কোনো প্রতিভা যাতে হারিয়ে না যায়, সে লক্ষ্যে সরকার প্রতিভাবান শিশু-কিশোরদের পড়াশোনা ও দীর্ঘমেয়াদি প্রশিক্ষণের দায়িত্ব নেবে। পাশাপাশি তাদের বাংলাদেশ ক্রীড়া শিক্ষা প্রতিষ্ঠানে (বিকেএসপি) উন্নত প্রশিক্ষণের সুযোগ করে দেওয়া হবে।

আয়োজকদের দেওয়া তথ্য অনুযায়ী, এবারের প্রতিযোগিতায় দেশব্যাপী ১৬ লাখ ২৩ হাজারের বেশি অনূর্ধ্ব-১৪ শিশু-কিশোর অংশ নিচ্ছে। ফুটবল, ক্রিকেট, কাবাডি, সাঁতার, অ্যাথলেটিকস, দাবা, ব্যাডমিন্টন ও মার্শাল আর্টের পাশাপাশি এবার নতুন করে টেবিল টেনিস ও ভলিবল অন্তর্ভুক্ত করা হয়েছে।

বিশ্বনাথের অনুষ্ঠানে তাহসিনা রুশদী লুনা বলেন, শিশু-কিশোরদের সুপ্ত প্রতিভা বিকাশ এবং তরুণ প্রজন্মকে সামাজিক অবক্ষয় ও মাদকের ভয়াবহতা থেকে দূরে রাখতে এ ধরনের উদ্যোগ অত্যন্ত প্রশংসনীয়। নতুন কুঁড়ি স্পোর্টসের মাধ্যমে বিশ্বনাথ থেকেও একদিন জাতীয় ও আন্তর্জাতিক মানের খেলোয়াড় উঠে আসবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।

বিশ্বনাথ উপজেলা নির্বাহী কর্মকর্তার সভাপতিত্বে অনুষ্ঠানে সহকারী কমিশনার (ভূমি), উপজেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক, বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থী, স্থানীয় জনপ্রতিনিধি ও ক্রীড়াপ্রেমীরা উপস্থিত ছিলেন। এ ছাড়া উপজেলা ও পৌর বিএনপি এবং অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরাও অনুষ্ঠানে অংশ নেন।

অনুষ্ঠানের শুরুতে বিশ্বনাথের বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীরা মনোজ্ঞ ডিসপ্লে প্রদর্শন করে। উদ্বোধনের মধ্য দিয়ে শুরু হওয়া এ প্রতিযোগিতা উপজেলা, জেলা, অঞ্চল ও জাতীয়—এই চারটি পর্যায়ে অনুষ্ঠিত হবে। এসব ধাপ পেরিয়ে প্রতিভাবান খুদে খেলোয়াড়দের জাতীয় পর্যায়ে নিজেদের দক্ষতা তুলে ধরার সুযোগ তৈরি হবে।

এ সম্পর্কিত খবর

আরও পড়ুন