পিরোজপুরে কর্মক্ষেত্রে নারীর অংশগ্রহণ মাত্র ১১.৭৬ শতাংশ

পিরোজপুর প্রতিনিধি:

প্রকাশ: ১৬:০৭, ২৫ নভেম্বর ২০২৬

পিরোজপুরে কর্মক্ষেত্রে নারীর অংশগ্রহণ মাত্র ১১.৭৬ শতাংশ

‎পিরোজপুরে কর্মক্ষেত্রে নারী-পুরুষের অংশগ্রহণে বড় বৈষম্যের চিত্র উঠে এসেছে সর্বশেষ অর্থনৈতিক শুমারিতে। জেলায় কর্মে নিয়োজিত ১ লাখ ৮৪ হাজার ৬৩২ জন মানুষের মধ্যে নারীর অংশগ্রহণ মাত্র ১১ দশমিক ৭৬ শতাংশ। বিপরীতে পুরুষের অংশগ্রহণ ৮৮ দশমিক ২৪ শতাংশ। কর্মসংস্থানে এই বৈষম্য কমিয়ে অর্থনৈতিক কর্মকাণ্ডে নারীর অংশগ্রহণ বাড়ানোর ওপর গুরুত্ব দিয়েছেন সংশ্লিষ্টরা।

‎বুধবার (২৫ নভেম্বর) সকাল ১১টায় পিরোজপুর জেলা প্রশাসকের কার্যালয়ের শহীদ আব্দুর রাজ্জাক-সাইফ মিজান স্মৃতি সভাকক্ষে অর্থনৈতিক শুমারি ২০২৪-এর ফলাফল ও বাংলাদেশ স্ট্যাটিস্টিক্যাল বিজনেস রেজিস্টার (বিএসবিআর) বিষয়ক সেমিনারে এসব তথ্য তুলে ধরা হয়।
‎
‎জেলা প্রশাসন ও জেলা পরিসংখ্যান কার্যালয়ের যৌথ উদ্যোগে আয়োজিত সেমিনারে প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক মো. গোলাম রব্বানী। সভাপতিত্ব করেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মাহমুদুর রহমান মামুন। বিশেষ অতিথি ছিলেন পুলিশ সুপার মুহাম্মদ তালেবুর রহমান।
‎
‎প্রধান অতিথির বক্তব্যে জেলা প্রশাসক বলেন, অর্থনৈতিক শুমারির তথ্য দেশের উন্নয়ন পরিকল্পনা ও নীতি নির্ধারণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। তাই মাঠপর্যায়ে জরিপ পরিচালনার সময় সতর্কতা ও দায়িত্বশীলতার সঙ্গে সঠিক তথ্য সংগ্রহ ও লিপিবদ্ধ করতে হবে। কোনো তথ্য বাদ দেওয়া কিংবা ভুল তথ্য দেওয়ার সুযোগ নেই। কারণ, এসব তথ্যের ভিত্তিতেই রাষ্ট্রীয় উন্নয়ন পরিকল্পনা গ্রহণ করা হয়।
‎
‎তিনি আরও বলেন, কর্মক্ষেত্রে নারীর অংশগ্রহণ বাড়ানো এবং নারী-পুরুষের বৈষম্য কমাতে সম্মিলিত উদ্যোগ প্রয়োজন। নারীদের কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি, দক্ষতা বৃদ্ধি ও অর্থনৈতিক কর্মকাণ্ডে সম্পৃক্ত করতে সংশ্লিষ্ট সবাইকে এগিয়ে আসতে হবে।
‎
‎বিশেষ অতিথির বক্তব্যে পুলিশ সুপার মুহাম্মদ তালেবুর রহমান বলেন, দেশের সার্বিক উন্নয়ন ও অর্থনৈতিক অগ্রগতির জন্য নির্ভুল তথ্য-উপাত্তের বিকল্প নেই। অর্থনৈতিক কর্মকাণ্ডের প্রকৃত চিত্র তুলে ধরতে জরিপ কার্যক্রমে সবাইকে সহযোগিতা করতে হবে।
‎
‎সেমিনারে মূল প্রবন্ধ উপস্থাপন করেন জেলা পরিসংখ্যান কার্যালয়ের উপপরিচালক (ভারপ্রাপ্ত) হারুন-অর-রশীদ। তিনি অর্থনৈতিক শুমারি ২০২৪-এর ফলাফল, জেলার কর্মসংস্থান পরিস্থিতি, ব্যবসাপ্রতিষ্ঠানের তথ্য এবং বাংলাদেশ স্ট্যাটিস্টিক্যাল বিজনেস রেজিস্টারের (বিএসবিআর) গুরুত্ব ও কার্যক্রম তুলে ধরেন।
‎
‎বক্তারা বলেন, অর্থনৈতিক শুমারির তথ্যের মাধ্যমে দেশের অর্থনৈতিক কর্মকাণ্ড, কর্মসংস্থান ও ব্যবসাপ্রতিষ্ঠানের প্রকৃত চিত্র পাওয়া যায়। এসব তথ্য ভবিষ্যৎ উন্নয়ন পরিকল্পনা প্রণয়ন, কর্মসংস্থান সৃষ্টি এবং বিনিয়োগের সম্ভাবনাময় খাত চিহ্নিত করতে সহায়ক। এ জন্য নির্ভুল পরিসংখ্যান নিশ্চিত করার পাশাপাশি অর্থনীতিতে নারী-পুরুষের সমান অংশগ্রহণের সুযোগ তৈরির ওপর গুরুত্বারোপ করেন তাঁরা।
‎
‎সেমিনারে সরকারি বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, ব্যবসায়ী নেতৃবৃন্দ ও গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন।

আরও পড়ুন