বাংলাদেশের সঙ্গে অর্থনৈতিক সম্পর্ক জোরদারে আগ্রহী জাপান

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ১৮:০৬, ৩০ অক্টোবর ২০২৬ | আপডেট: ১৮:১৭, ৩০ অক্টোবর ২০২৬

বাংলাদেশের সঙ্গে অর্থনৈতিক সম্পর্ক জোরদারে আগ্রহী জাপান

বাংলাদেশের সঙ্গে দীর্ঘদিনের অর্থনৈতিক সম্পর্ক আরও জোরদার এবং বিকল্প অর্থায়ন ব্যবস্থায় সহযোগিতা বৃদ্ধির ওপর গুরুত্বারোপ করেছে জাপান। এ লক্ষ্যে বাংলাদেশের অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরীর সঙ্গে জাপানের অর্থমন্ত্রী সাতসুকি কাতায়ামা এবং সহকারী অর্থমন্ত্রী মিমুরা আতসুসির দ্বিপাক্ষিক বৈঠক অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (৩০ অক্টোবর) জাপানের অর্থমন্ত্রীর কার্যালয়ে অনুষ্ঠিত এ বৈঠক সৌহার্দ্যপূর্ণ পরিবেশে সম্পন্ন হয়।

বৈঠকে বাংলাদেশ ও জাপানের মধ্যকার দীর্ঘদিনের ঐতিহ্যবাহী ও দৃঢ় অর্থনৈতিক সম্পর্কের কথা স্মরণ করা হয়। একই সঙ্গে দুই দেশের দ্বিপাক্ষিক ও অর্থনৈতিক অংশীদারিত্বকে নতুন উচ্চতায় নিয়ে যাওয়া এবং পারস্পরিক সহযোগিতা আরও গভীর করার বিভিন্ন দিক নিয়ে বিস্তারিত আলোচনা হয়।

আলোচনায় বাংলাদেশের অবকাঠামোগত উন্নয়ন, দ্বিপাক্ষিক বাণিজ্য সম্প্রসারণ এবং সরাসরি বৈদেশিক বিনিয়োগের পাশাপাশি বিকল্প অর্থায়ন ব্যবস্থার মাধ্যমে অর্থনৈতিক সহযোগিতা বৃদ্ধির বিষয়টি বিশেষ গুরুত্ব পায়।

উভয় পক্ষ বিদ্যমান অর্থনৈতিক সম্পর্ককে আরও গতিশীল করার পাশাপাশি নতুন নতুন খাতে সহযোগিতার ক্ষেত্র সম্প্রসারণে কার্যকর উদ্যোগ গ্রহণের বিষয়ে একমত পোষণ করেন।

বৈঠকে প্রধানমন্ত্রীর বিনিয়োগ ও পুঁজিবাজারবিষয়ক বিশেষ সহকারী তানভীর গনি, এশিয়া-প্যাসিফিক অঞ্চলে কর্মসংস্থানবিষয়ক প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী শাকিরুল ইসলাম খান এবং বাংলাদেশ ও জাপানের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, জাপান বাংলাদেশের অন্যতম প্রধান উন্নয়ন অংশীদার। দেশটির অর্থায়নে বাংলাদেশে অতীতে বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ অবকাঠামোগত ও সামাজিক উন্নয়ন প্রকল্প বাস্তবায়িত হয়েছে। বর্তমানে জাপানের সহযোগিতায় বিভিন্ন গুরুত্বপূর্ণ প্রকল্প বাস্তবায়নাধীন রয়েছে এবং নতুন নতুন উন্নয়ন সহযোগিতা চুক্তিও সম্পাদিত হচ্ছে।

সংশ্লিষ্টরা মনে করছেন, দুই দেশের মধ্যে অর্থনৈতিক সহযোগিতার নতুন ক্ষেত্র উন্মোচন এবং বিকল্প অর্থায়নের সুযোগ সম্প্রসারণ বাংলাদেশের অবকাঠামো উন্নয়ন, বিনিয়োগ ও সামগ্রিক অর্থনৈতিক অগ্রগতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে।

আরও পড়ুন