মো. মিনহাজুর রহমান মাহিম, ইবি
প্রকাশ: ০১:৫৪, ৩০ সেপ্টেম্বর ২০২৬
মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) দুপুরে কুষ্টিয়ার জেলখানা মোড়ে বাসটি পৌঁছানোর পর এ ঘটনা ঘটে।
বাংলা বিভাগের ২০২২-২৩ শিক্ষাবর্ষের শিক্ষার্থী রিয়াজুল ইসলাম হৃদয় অভিযোগ করেন, বাসে কয়েকজন শিক্ষার্থী পুরো পথ উচ্চস্বরে কথা বলছিলেন। বাস থেকে নামার সময় তিনি তাদের উচ্চস্বরে কথা না বলার অনুরোধ করেন। এ নিয়ে কথা কাটাকাটির একপর্যায়ে আইসিটি বিভাগের ২০২১-২২ শিক্ষাবর্ষের আবু সাইদ তাঁকে মারধর করেন। এতে তাঁর নাক ফেটে যায় বলে দাবি করেন হৃদয়।
হৃদয়ের আরও অভিযোগ, ঘটনার সময় বাসের একটি গ্লাস ভেঙে যায় এবং ভিডিও ধারণের চেষ্টা করলে তাঁর মোবাইল ফোন কেড়ে নেওয়া হয়। এছাড়া তাঁকে হুমকি দেওয়ারও অভিযোগ করেন তিনি।
তবে অভিযোগ অস্বীকার করে আবু সাইদ বলেন, “গন্তব্যে পৌঁছানোর পর বাংলা বিভাগের ২০২২-২৩ শিক্ষাবর্ষের বাপ্পির সঙ্গে আমার কথা কাটাকাটি হয়। গন্তব্যে পৌঁছানোর আগে আমাকে বললে হয়তো কথা বলতাম না।”
আবু সাইদ আরও বলেন, “কথা কাটাকাটির একপর্যায়ে একই বিভাগ ও শিক্ষাবর্ষের হৃদয় এসে আমার গায়ে আগে হাত তোলে। এতে আমার হাত কেটে যায় এবং আমার ল্যাপটপের ডিসপ্লে ভেঙে যায়। এ ঘটনায় ক্ষতিপূরণ হিসেবে আমি ৬৫ হাজার টাকা দাবি করছি।”
পাল্টাপাল্টি অভিযোগের পর আগামীকাল উভয় বিভাগের সভাপতির উপস্থিতিতে সভা হবে বলে জানা যায়।
এ বিষয়ে গণমাধ্যমকে প্রক্টর অধ্যাপক ড. শাহীনুজ্জামান বলেন, “এ বিষয়ে শুনেছি৷ খতিয়ে দেখা হচ্ছে।”
মো. মিনহাজুর রহমান মাহিম