লেখক ও নির্মাতা মাতিয়া বানু শুকু মারা গেছেন

বিনোদন ডেস্ক

প্রকাশ: ১১:৫৬, ২৭ নভেম্বর ২০২৬

লেখক ও নির্মাতা মাতিয়া বানু শুকু মারা গেছেন

জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত লেখক, প্রযোজক, পরিচালক ও চিত্রনাট্যকার মাতিয়া বানু শুকু মারা গেছেন। শুক্রবার (২৭ নভেম্বর) রাত প্রায় ১২টার দিকে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি।

তার মৃত্যুর খবরটি নিশ্চিত করেছেন এরশাদুল হক টিংকু। তিনি জানান, ক্যানসার আক্রান্ত মাতিয়া বানু শুকুর শারীরিক অবস্থার অবনতি হলে তাকে আইসিইউ থেকে প্যালেটিভ কেয়ারে স্থানান্তর করা হয়। সেখানেই তিনি মৃত্যুবরণ করেন তিনি।

ভাষাসৈনিক আবদুল মতিনের জ্যেষ্ঠ কন্যা মাতিয়া বানু শুকু নির্মাতা নুরুল আলম আতিকের সহধর্মিণী। দেশের নাট্যাঙ্গন ও চলচ্চিত্রে সৃজনশীল কাজের মাধ্যমে পরিচিতি অর্জন করেন তিনি। দীর্ঘদিন ধরে ক্যান্সার ও কিডনি জটিলতায় ভুগছিলেন এই নির্মাতা।

মাতিয়া বানু শুকুর উল্লেখযোগ্য কাজের মধ্যে রয়েছে ‘যেখানে সীমান্ত তোমার’, ‘প্রজ্ঞা পারমিতা’ ও ‘গোল্লাছুট’-এর মতো সমাদৃত টেলিফিল্ম ও ধারাবাহিক নাটক।

চলচ্চিত্র প্রযোজক হিসেবেও রয়েছে তার সাফল্য। ২০২১ সালে ‘লাল মোরগের ঝুঁটি’ চলচ্চিত্রের জন্য জাতীয় চলচ্চিত্র পুরস্কার অর্জন করেন মাতিয়া বানু শুকু। তার মৃত্যুতে দেশের নাটক ও চলচ্চিত্র অঙ্গনে শোকের ছায়া নেমে এসেছে।

আরও পড়ুন