মালয়েশিয়ায় ১১২ বাংলাদেশি কর্মী, বিমানবন্দরে হাইকমিশনের উষ্ণ অভ্যর্থনা

:​মো, এলাহী, মালয়েশিয়া

প্রকাশ: ২২:১০, ২৭ নভেম্বর ২০২৬ | আপডেট: ২২:১২, ২৭ নভেম্বর ২০২৬

মালয়েশিয়ায় ১১২ বাংলাদেশি কর্মী, বিমানবন্দরে হাইকমিশনের উষ্ণ অভ্যর্থনা

সরকারি রিক্রুটিং এজেন্সি বাংলাদেশ ওভারসিজ এমপ্লয়মেন্ট অ্যান্ড সার্ভিসেস লিমিটেডের (বোয়েসেল) মাধ্যমে সম্পূর্ণ শূন্য অভিবাসন ব্যয়ে ১১২ জন বাংলাদেশি কর্মী মালয়েশিয়ায় পৌঁছেছেন। শুক্রবার (২৭ নভেম্বর) মালয়েশিয়ার কুয়ালালামপুর আন্তর্জাতিক বিমানবন্দরে (কেএলআইএ) পৌঁছালে বাংলাদেশ হাইকমিশনের ঊর্ধ্বতন কর্মকর্তারা তাদের ফুল দিয়ে উষ্ণ অভ্যর্থনা জানান।

​মালয়েশিয়ায় নিযুক্ত বাংলাদেশের হাইকমিশনার বিমানবন্দরে উপস্থিত থেকে নতুন আসা কর্মীদের স্বাগত জানান। এ সময় তার সঙ্গে ডেপুটি হাইকমিশনার, শ্রম কল্যাণ উইংয়ের মিনিস্টার (শ্রম) এবং দূতাবাসের হেড অব চ্যান্সারি উপস্থিত ছিলেন। প্রবাসের মাটিতে পা রাখার পরপরই হাইকমিশনের শীর্ষ কর্মকর্তাদের সরাসরি উপস্থিতি ও আন্তরিক অভ্যর্থনায় আবেগাপ্লুত হয়ে পড়েন কর্মীরা।

​সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, আন্তর্জাতিক লজিস্টিক প্রতিষ্ঠান 'ডিএইচএল (DHL) সাপ্লাই চেইন'-এর চাহিদার বিপরীতে বোয়েসেলের মাধ্যমে সম্পূর্ণ স্বচ্ছ প্রক্রিয়ায় এই ১১২ জন কর্মীকে বাছাই করা হয়। নিয়োগ চুক্তি অনুযায়ী, কর্মীরা কোনো প্রকার অভিবাসন ব্যয় ছাড়াই মালয়েশিয়ায় এসেছেন এবং শুরু থেকেই মাসিক ১,৭০০ রিঙ্গিত মূল বেতনসহ শ্রম আইন অনুযায়ী আবাসন, চিকিৎসা ও অন্যান্য আনুষঙ্গিক সুযোগ-সুবিধা পাবেন।

​বিমানবন্দরে তাৎক্ষণিক অনুভূতি প্রকাশ করতে গিয়ে একাধিক কর্মী জানান, কোনো দালাল বা মধ্যস্বত্বভোগীর দৌরাত্ম্য এবং আর্থিক লেনদেন ছাড়াই তারা বিদেশে আসার সুযোগ পেয়েছেন। এক কর্মী বলেন, "আমরা কখনো ভাবিনি একেবারে বিনা খরচে মালয়েশিয়ার মতো দেশে আসতে পারব। বোয়েসেলের মাধ্যমে স্বচ্ছ প্রক্রিয়ায় নির্বাচিত হওয়ায় আমাদের পরিবার ঋণের বোঝা থেকে বেঁচে গেছে।"

​হাইকমিশনের অভ্যর্থনা প্রসঙ্গে আরেক কর্মী বলেন, "বিমানবন্দরে নামার পরপরই হাইকমিশনার ও দূতাবাসের কর্মকর্তারা যেভাবে আমাদের বরণ করে নিয়েছেন, তাতে আমরা সত্যিই অভিভূত। দেশের এমন সম্মান ও আন্তরিকতা আমাদের আত্মবিশ্বাস বহুগুণ বাড়িয়ে দিয়েছে।"

​ডিএইচএল সাপ্লাই চেইনে নিয়োগ পাওয়া কর্মীরা আরও জানান, প্রতিষ্ঠানের পক্ষ থেকে ন্যায্য বেতন ও সব সুযোগ-সুবিধা নিশ্চিত করা হয়েছে। এখন সততা ও নিষ্ঠার সাথে কাজ করে দেশের ভাবমূর্তি উজ্জ্বল করা এবং পরিবারের মুখে হাসি ফোটানোই তাদের মূল লক্ষ্য।

​অভিবাসন সংশ্লিষ্টরা মনে করছেন, বোয়েসেলের মাধ্যমে শূন্য খরচে এই কর্মী প্রেরণ মালয়েশিয়ার শ্রমবাজারে বাংলাদেশের জন্য একটি ইতিবাচক মাইলফলক, যা আগামীতে স্বচ্ছ ও নিরাপদ অভিবাসন প্রক্রিয়াকে আরও গতিশীল করবে।

এ সম্পর্কিত খবর

আরও পড়ুন