মোঃ রেদোয়ান কবির রিফাত
প্রকাশ: ০১:৩৫, ১৯ নভেম্বর ২০২৬
বুধবার দুবাইয়ের রোডস অ্যান্ড ট্রান্সপোর্ট অথরিটি বা আরটিএ জানিয়েছে, দুবাই মেরিনায় এয়ার ট্যাক্সির জন্য নির্মিত ভার্টিপোর্টের কাজ সম্পন্ন হয়েছে। পাশাপাশি স্থাপনাটি সংযুক্ত আরব আমিরাতের জেনারেল সিভিল এভিয়েশন অথরিটির প্রয়োজনীয় সার্টিফিকেশনও পেয়েছে।
আমেরিকান ইউনিভার্সিটি ইন দুবাইয়ের পাশে নির্মিত এই স্টেশনটি যুক্ত হবে দুবাই আন্তর্জাতিক বিমানবন্দরের কাছের আরেকটি ভার্টিপোর্টের সঙ্গে। এই রুটে এয়ার ট্যাক্সি পরিচালনা করবে মার্কিন প্রতিষ্ঠান জবি এভিয়েশন।
এদিকে, দুবাই মেরিনার এই স্টেশনটি বছরে সর্বোচ্চ ৮৪ হাজার যাত্রী পরিবহনে সক্ষম। এখানে রয়েছে উড্ডয়ন ও অবতরণ প্যাড, চার্জিং ব্যবস্থা এবং যাত্রীদের জন্য আধুনিক টার্মিনাল।
শুধু মেরিনা নয়, ডাউনটাউন দুবাই ও পাম জুমেইরাহ এলাকাতেও নির্মাণ করা হচ্ছে আরও দুটি এয়ার ট্যাক্সি স্টেশন। সব মিলিয়ে প্রাথমিক পর্যায়ে চারটি ভার্টিপোর্ট নিয়ে গড়ে উঠবে দুবাইয়ের এয়ার ট্যাক্সি নেটওয়ার্ক।
জবি এভিয়েশন ২০২৫ সালের জুন থেকেই দুবাইয়ে পরীক্ষামূলক ফ্লাইট পরিচালনা করছে। প্রতিষ্ঠানটির তৈরি এয়ার ট্যাক্সি ঘণ্টায় প্রায় ৩২০ কিলোমিটার গতিতে উড়তে সক্ষম।
তবে সাধারণ যাত্রীদের জন্য বাণিজ্যিক ফ্লাইট কবে থেকে চালু হবে, সে বিষয়ে এখনো নির্দিষ্ট তারিখ ঘোষণা করেনি কর্তৃপক্ষ। বাণিজ্যিক কার্যক্রম শুরুর আগে আরও কিছু অনুমোদন ও প্রস্তুতি বাকি রয়েছে।
সব মিলিয়ে, এয়ার ট্যাক্সি সার্ভিস চালু হলে দুবাইয়ের যাতায়াত ব্যবস্থায় আসতে যাচ্ছে বড় পরিবর্তন। যানজট এড়িয়ে অল্প সময়ে গন্তব্যে পৌঁছানোর পাশাপাশি পরিবহন খাতে সূচনা হতে যাচ্ছে এক নতুন যুগের।
শীর্ষ সংবাদ: