কুয়েতে শীতের আগমনে প্রবাসীদের মনে স্বস্তি ও আনন্দের হাওয়া

আহমেদ রবিন, কুয়েত:

প্রকাশ: ১১:৩৭, ১৭ নভেম্বর ২০২৬

কুয়েতে শীতের আগমনে প্রবাসীদের মনে স্বস্তি ও আনন্দের হাওয়া

তেলসমৃদ্ধ ছোট্ট মরুর দেশ কুয়েত। বছরের দীর্ঘ একটা সময় এখানে তাপমাত্রা থাকে ৫০ ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি। তীব্র সেই দাবদাহ আর মরুভূমির লু হাওয়া সহ্য করে এখানে বসবাস ও জীবিকা নির্বাহ করেন হাজারো বাংলাদেশি প্রবাসী। তবে দীর্ঘ প্রতীক্ষার পর প্রকৃতিতে শীতের আগমন ঘটায় প্রবাসীদের মনে এখন বইছে স্বস্তি ও আনন্দের হাওয়া।

গরমের তীব্রতা কমে আসায় প্রবাসীদের দৈনন্দিন জীবনে ফিরে এসেছে প্রাণচাঞ্চল্য। এ বিষয়ে কথা হয় কুয়েতে বসবাসরত কয়েকজন বাংলাদেশি প্রবাসীর সাথে।

 তাদের অনুভূতিতে উঠে এসেছে প্রবাস জীবনের ভিন্ন ভিন্ন চিত্র।

এক প্রবাসী তার আনন্দ প্রকাশ করে বলেন, গরমের দিনের চেয়ে আমার শীতকাল অনেক ভালো লাগে। প্রচণ্ড গরমে দিনের বেলা বাইরে বের হওয়া যেত না। এখন আবহাওয়া ঠান্ডা হওয়ায় কাজে যেতে ও বাইরে ঘুরতে বেশ ভালো লাগে।

 আরেক প্রবাসী শোনালেন তার সংগ্রামের কথা। তিনি বলেন গরমের সময় আমার ডিউটি থাকে বাইরের পার্কিংয়ে। প্রখর রোদ আর ৫০ ডিগ্রি তাপমাত্রায় কাজ করা যে কতটা কষ্টের, তা বলে বোঝানো যাবে না। তবে মাস শেষে বা কাজের বিনিময়ে যখন হাতে কিছু টাকা আসে, তখন সব কষ্ট আর গরম ভুলে যাই।

শীতের আগমনে অনেকেই স্বস্তি পেলেও কারো কারো জন্য সকালবেলাটা একটু চ্যালেঞ্জিং হয়ে দাঁড়িয়েছে।

 একটি বেসরকারি কোম্পানিতে কর্মরত আরেক প্রবাসী হাসিমুখে জানান, "দিনে আবহাওয়া বেশ আরামদায়ক থাকে। কিন্তু এই শীতে খুব সকালে কাজে যেতে একটু কষ্ট হয়, বিছানা ছেড়ে ঘুম থেকে উঠতে মন চায় না।

সব মিলিয়ে, মরুভূমির রুক্ষ প্রকৃতিতে শীতের এই মিষ্টি আমেজ প্রবাসী বাংলাদেশিদের কর্মব্যস্ত জীবনে এনে দিয়েছে এক নতুন ছন্দ ও প্রশান্তি।
 

এ সম্পর্কিত খবর

আরও পড়ুন