ছাত্রদল আয়োজিত কনসার্টে ‘জয় বাংলা’ ও ‘শেখ হাসিনা’ স্লোগান

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ১৯:২২, ৬ নভেম্বর ২০২৬

ছাত্রদল আয়োজিত কনসার্টে ‘জয় বাংলা’ ও ‘শেখ হাসিনা’ স্লোগান

শরীয়তপুরের গোসাইরহাটে সরকারি শামসুর রহমান কলেজে ছাত্রদলের উদ্যোগে আয়োজিত নবীনবরণ অনুষ্ঠানের কনসার্টে ‘জয় বাংলা’ ও ‘শেখ হাসিনা’ স্লোগান দেওয়ার ঘটনা ঘিরে আলোচনা তৈরি হয়েছে। অনুষ্ঠানের একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার পর বিষয়টি নিয়ে শুরু হয়েছে নানা প্রতিক্রিয়া।

বৃহস্পতিবার (৫ নভেম্বর) রাতে কলেজ ক্যাম্পাসে নবীনবরণ উপলক্ষে সাংস্কৃতিক অনুষ্ঠান ও কনসার্টের আয়োজন করা হয়। সেখানে উপস্থিত কয়েকজনের দাবি, কনসার্ট চলাকালে মঞ্চের সামনের অংশ থেকে এসব স্লোগান দেওয়া হয়।

সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া প্রায় ৩০ সেকেন্ডের ভিডিওতে কয়েকজনকে ‘শেখ হাসিনা’ ও ‘জয় বাংলা’ স্লোগান দিতে শোনা যায়। ভিডিওটি প্রকাশ্যে আসার পর বিভিন্ন মহলে এ নিয়ে আলোচনা-সমালোচনা শুরু হয়।

অনুষ্ঠানে উপস্থিত কয়েকজন দর্শকও স্লোগান দেওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন বলে দাবি করেছেন। তাদের ভাষ্য, কনসার্ট চলার একপর্যায়ে দর্শকদের মধ্য থেকে স্লোগানগুলো দেওয়া হয়।

কলেজের নবীনবরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শরীয়তপুর-৩ আসনের সংসদ সদস্য ও জাতীয় সংসদের হুইপ মিয়া নুরুদ্দিন আহমেদ অপু। কলেজের অধ্যক্ষ মোহাম্মদ আল মামুনের সভাপতিত্বে অনুষ্ঠানটি অনুষ্ঠিত হয়।

এ বিষয়ে শরীয়তপুরের অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস) মো. জাকারিয়া রহমান জানিয়েছেন, সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওটি পুলিশের নজরে এসেছে। ভিডিওটির সত্যতা ও এটি সাম্প্রতিক সময়ের কি না, তা যাচাই করা হচ্ছে। তদন্ত শেষে প্রয়োজন অনুযায়ী আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

আরও পড়ুন