তারেক রহমানের নেতৃত্বে শনিবার ঢাকায় বিএনপির শোভাযাত্রা

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ১৯:৫৩, ৬ নভেম্বর ২০২৬

তারেক রহমানের নেতৃত্বে শনিবার ঢাকায় বিএনপির শোভাযাত্রা

জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে আগামীকাল শনিবার (৭ নভেম্বর) রাজধানীতে শোভাযাত্রা করবে বিএনপি। দলের চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমান এই শোভাযাত্রায় উপস্থিত থাকবেন এবং নেতৃত্ব দেবেন।

শুক্রবার (৬ নভেম্বর) রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে এ কর্মসূচির বিস্তারিত জানান দলটির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী।

তিনি জানান, তারেক রহমান নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে শোভাযাত্রার উদ্বোধন করবেন। তাঁর উদ্বোধনী বক্তব্যের পর শোভাযাত্রা শুরু হবে।

রিজভী জানান, শোভাযাত্রাটি নয়াপল্টনের কেন্দ্রীয় কার্যালয় থেকে শুরু হয়ে প্রধান বিচারপতির বাসভবনের কাছে গিয়ে ডান দিকে মোড় নেবে। এরপর হোটেল ইন্টারকন্টিনেন্টালের সামনে দিয়ে বাংলামোটর ও ফার্মগেট হয়ে মানিক মিয়া অ্যাভিনিউয়ে গিয়ে শেষ হবে।

এর আগে সকাল সাড়ে ৮টায় দলের সিনিয়র নেতাদের নিয়ে স্বাধীনতার ঘোষক শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সমাধি এবং সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার কবরে ফাতেহা পাঠ ও শ্রদ্ধা নিবেদন করবেন তারেক রহমান।

রুহুল কবির রিজভী জানান, ৫ নভেম্বর থেকে বিএনপির সাতদিনের কর্মসূচি শুরু হয়েছে। এর অংশ হিসেবে ইতোমধ্যে চট্টগ্রাম মহানগরে কর্মসূচি পালন করা হয়েছে। আগামীকাল দেশের অধিকাংশ জেলা ও মহানগরে শোভাযাত্রা অনুষ্ঠিত হবে।

এছাড়া বিএনপির বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠন আলোচনা সভা, পোস্টার লাগানোসহ নানান কর্মসূচি পালন করবে। ৭ নভেম্বরের চেতনায় বিশ্বাসী অন্য রাজনৈতিক দল, জোট, সাংস্কৃতিক ও বিভিন্ন শ্রেণি-পেশার সংগঠনও দিবসটি যথাযোগ্য মর্যাদায় পালনের কর্মসূচি নিয়েছে।

রিজভী আরও বলেন, শেখ হাসিনার সরকার ৭ নভেম্বরের চেতনার প্রতি ভীত হয়ে দিবসটি রাষ্ট্রীয়ভাবে পালন বন্ধ করেছিল। বিএনপি এবং সমমনা দলগুলো এতদিন দিবসটি পালন করে আসছে। এবার দীর্ঘদিন পর আবারও রাষ্ট্রীয় ও জাতীয়ভাবে দিবসটি পালন করা হবে।

আরও পড়ুন