ফাহিমা আক্তার
প্রকাশ: ১৩:৩৯, ২৩ ফেব্রুয়ারি ২০২৬
কুয়াশার চাদর গায়ে জড়িয়ে উত্তরের হাওয়ার সঙ্গে এসেছিল শীত। শীতের সকালগুলো ছিল নিস্তব্ধ; পথঘাট ঢেকে থাকত কুয়াশায়, গাছের পাতা ঝরে পড়ে প্রকৃতিকে করত রিক্ত। মানুষের জীবনেও তখন ভর করত একঘেয়েমি, স্থবিরতা আর ক্লান্তির ছাপ। সেই শীতের বিদায় ঘণ্টা বাজিয়ে রাজকীয় আবির্ভাব ঘটে বসন্তের।
শীতের রিক্ততার মাঝে বসন্ত নিয়ে আসে প্রাণের উচ্ছ্বাস। গাছে গাছে নতুন পাতা, চারদিকে ফুলের সমারোহ। বাতাসে ভেসে বেড়ায় ফুলের মিষ্টি সুবাস। কোকিল ও পাপিয়ার সুমধুর ডাক প্রকৃতিকে করে তোলে আরও প্রাণবন্ত। দখিনা বাতাসের স্পর্শ ভুলিয়ে দেয় শীতের শীতলতা। পুরনো দুঃখ-ক্লেশ ভুলে মানুষ মেতে ওঠে বসন্তের আনন্দে।
শিশুদের হাসি, পাখিদের কলরব আর রঙিন ফুলের মেলায় দিনগুলো হয়ে ওঠে অপূর্ব সুন্দর। বসন্ত শুধু প্রকৃতির ঋতু নয়—এ ঋতু মানুষের মন ও আত্মাকেও নতুন আশার আলোয় ভরিয়ে দেয়। হতাশা, ক্লান্তি ও ব্যর্থতার ভিড়ে বসন্ত শেখায় নতুন করে স্বপ্ন দেখতে, জীবনের প্রতি আস্থা ফিরিয়ে আনে।
বসন্তের এই বার্তা আমাদের মনে করিয়ে দেয়—প্রকৃতি কখনো তার সৌন্দর্য বিলিয়ে দিতে কৃপণতা করে না। তাই প্রকৃতির এই রূপ ও বৈচিত্র্যকে ভালোবেসে, সংরক্ষণ করে, নতুন আশায় ও নতুন স্বপ্নে এগিয়ে যাওয়াই হোক আমাদের অঙ্গীকার।
ফাহিমা আক্তার
শিক্ষার্থী, বেগম বদরুন্নেসা সরকারি মহিলা কলেজ, ঢাকা।