‎নগর ব্যবস্থাপনার উদ্যোগও  উপেক্ষিত করছে প্রিন্স বাজার ‎ ‎

‎প্রিন্স বাজারের সড়ক ও ফুটপাত দখলে বাড়ছে যানজট ‎

সাদ্দাম হোসেন 

প্রকাশ: ১৮:৪৫, ৩০ সেপ্টেম্বর ২০২৬

‎প্রিন্স বাজারের সড়ক ও ফুটপাত দখলে বাড়ছে যানজট ‎

রাজধানীর শ্যামলীতে প্রিন্স বাজার ও প্রিন্স রেস্তোরাঁকে ঘিরে প্রতিদিন বাড়ছে মানুষের আনাগোনা। কিন্তু বিপুলসংখ্যক ক্রেতা ও দর্শনার্থীর ব্যক্তিগত গাড়ি ও অন্যান্য যানবাহন রাখার জন্য প্রতিষ্ঠানটির সামনের ফুটপাত ও মূল সড়কের অংশ ব্যবহারের অভিযোগ উঠেছে। এতে একদিকে পথচারীদের স্বাভাবিক চলাচল ব্যাহত হচ্ছে, অন্যদিকে সড়কের জায়গা সংকুচিত হয়ে তৈরি হচ্ছে যানজট।
‎
‎স্থানীয়দের অভিযোগ, প্রিন্স বাজার ও রেস্তোরাঁয় আসা ক্রেতাদের যানবাহন পার্কিংয়ের কারণে নিয়মিত ফুটপাতের ওপর চাপ তৈরি হয়। অনেক সময় মূল সড়কের অংশও গাড়ি রাখার কাজে ব্যবহৃত হওয়ায় যান চলাচলে প্রতিবন্ধকতা সৃষ্টি হয়। ফলে পথচারীদের বাধ্য হয়ে সড়কে নেমে চলাচল করতে হচ্ছে, যা বাড়াচ্ছে দুর্ঘটনার ঝুঁকিও।
‎
‎রাজধানীর বিভিন্ন এলাকায় যানজট নিরসন, ফুটপাত দখলমুক্ত রাখা এবং পথচারীদের নিরাপদ চলাচল নিশ্চিত করতে সিটি করপোরেশন ও প্রশাসনের পক্ষ থেকে বিভিন্ন সময়ে অভিযান পরিচালনা করা হলেও শ্যামলীর এ অংশে পরিস্থিতির স্থায়ী পরিবর্তন হচ্ছে না বলে অভিযোগ স্থানীয়দের।
‎
‎প্রশ্ন উঠেছে, জনসাধারণের চলাচলের জন্য নির্ধারিত ফুটপাত কিংবা যান চলাচলের মূল সড়ক কোনো বাণিজ্যিক প্রতিষ্ঠানের ক্রেতাদের পার্কিংয়ের জায়গা হিসেবে ব্যবহৃত হলে তার দায়ভার কে নেবে? নগর কর্তৃপক্ষের নিয়ম-নীতি যদি সবার জন্য সমান হয়, তাহলে দিনের পর দিন এমন পরিস্থিতি কীভাবে চলতে পারে-এ নিয়েও ক্ষোভ রয়েছে স্থানীয়দের মধ্যে।
‎
‎স্থানীয়দের কয়েকজনের সাথে কথা বললে তারা জানায় , কোনো প্রতিষ্ঠান বড় কিংবা জনপ্রিয় হলেই জনসাধারণের চলাচলের জায়গা ব্যবহারের সুযোগ পাওয়ার কথা নয়। ব্যবসা পরিচালনার পাশাপাশি ক্রেতাদের যানবাহন রাখার পর্যাপ্ত ব্যবস্থা নিশ্চিত করার দায়িত্বও সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের।
‎
‎এদিকে ফুটপাত ও সড়ক দখলমুক্ত রাখতে নিয়মিত তৎপরতার কথা বলে আসছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। তবে বাস্তবে কোনো কোনো এলাকায় অভিযান শেষে আবারও একই ধরনের দখল ফিরে আসার অভিযোগ রয়েছে। এতে নগর ব্যবস্থাপনার কার্যকারিতা নিয়েও প্রশ্ন তৈরি হচ্ছে।
‎
‎শ্যামলীর মতো ব্যস্ত এলাকায় একটি বাণিজ্যিক প্রতিষ্ঠানের কারণে যদি নিয়মিতভাবে ফুটপাত সংকুচিত হয় এবং সড়কে যানবাহনের চাপ বাড়ে, তাহলে বিষয়টি শুধু যানজটের নয়-এটি নগরবাসীর নিরাপদ ও নির্বিঘ্ন চলাচলের অধিকারও প্রশ্নের মুখে ফেলছে।
‎
‎জনসাধারণের চলাচলের ফুটপাত ও সড়ক দখলের অভিযোগে প্রিন্স বাজারের বিরুদ্ধে ব্যবস্থা নেবে কে? আর কতদিন এভাবে সাধারণ মানুষকে ভোগান্তি পোহাতে হবে সেটাই এখন বড় প্রশ্ন।
‎

এ সম্পর্কিত খবর

আরও পড়ুন