মাগুরা প্রতিনিধি:
প্রকাশ: ১৫:৩৯, ২০ নভেম্বর ২০২৬ | আপডেট: ১৫:৪২, ২০ নভেম্বর ২০২৬
শুক্রবার (২০ নভেম্বর) সকালে উপজেলার বিভিন্ন এলাকা ঘুরে দেখা যায়, বৃহস্পতিবার সকাল থেকে শুরু হওয়া বৃষ্টিতে নিচু জমিসহ বিভিন্ন ফসলের খেতে পানি জমেছে। অনেক কৃষক ইতোমধ্যে ধান কেটে মাঠে রেখেছেন। কিন্তু টানা বৃষ্টির কারণে কাটা ধান শুকাতে পারছেন না তাঁরা। ফলে ভেজা ধান নষ্ট হওয়া এবং গুণগত মান কমে যাওয়ার আশঙ্কা করছেন কৃষকেরা। পাশাপাশি মাঠে এখনো অনেক জমির পাকা ধান কাটার অপেক্ষায় রয়েছে।
শুধু ধান নয়, বৃষ্টির পানিতে বিপাকে পড়েছেন শীতকালীন সবজি চাষিরাও। ফুলকপি, বাঁধাকপি, ওলকপি, শিম, মুলা, টমেটো ও বেগুনসহ বিভিন্ন সবজির খেতে পানি জমেছে। বিশেষ করে যেসব জমিতে পানি নিষ্কাশনের ব্যবস্থা ভালো নয়, সেসব জমির ফসল নিয়ে বেশি উদ্বিগ্ন কৃষকেরা।
উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর সূত্রে জানা গেছে, চলতি মৌসুমে মাগুরা সদর উপজেলায় ১ হাজার ৩৬৫ হেক্টর জমিতে বিভিন্ন জাতের শীতকালীন সবজি আবাদ করা হয়েছে। এর মধ্যে ১২৬ হেক্টর জমিতে রয়েছে বাঁধাকপি ও ফুলকপির আবাদ। বৃষ্টির কারণে এসব ফসলের ক্ষয়ক্ষতির আশঙ্কা করছেন সংশ্লিষ্ট চাষিরা।
উপজেলার জগদল গ্রামের কৃষক বশির বলেন, ‘আমার জমির ধান কেটে মাঠে রাখা হয়েছে। কিন্তু টানা বৃষ্টিতে ধান ভিজে গেছে। রোদ না উঠলে ধান শুকানো সম্ভব হবে না। এভাবে বৃষ্টি চলতে থাকলে ধান নষ্ট হওয়ার আশঙ্কা রয়েছে। এ ছাড়া মাঠে এখনো অনেক কৃষকের পাকা ধান রয়েছে।’
একই উপজেলার সবজি চাষি জালাল আলী বলেন, ‘দুই বিঘা জমিতে বাঁধাকপির আবাদ করেছি। গাছের বাঁধাকপি এখন বিক্রির উপযোগী হয়েছে। কিন্তু টানা বৃষ্টিতে জমিতে পানি জমেছে। এভাবে পানি জমে থাকলে গাছের ক্ষতি হতে পারে। এতে উৎপাদন খরচ তুলতে না পেরে বড় ধরনের আর্থিক ক্ষতির মুখে পড়তে হবে।’
এদিকে টানা বৃষ্টিতে শুধু কৃষিকাজ নয়, সাধারণ মানুষের দৈনন্দিন জীবনযাত্রাও ব্যাহত হচ্ছে। স্থানীয় বাসিন্দা ইসলাম বলেন, ‘দুই দিনের বৃষ্টিতে স্বাভাবিক চলাচল ব্যাহত হচ্ছে। জরুরি প্রয়োজন ছাড়া মানুষ ঘর থেকে বের হচ্ছেন না। সবচেয়ে বেশি সমস্যায় পড়েছেন দিনমজুর ও খেটে খাওয়া মানুষ। বৃষ্টির কারণে তাঁরা কাজে যেতে পারছেন না। ফলে প্রতিদিনের আয়-রোজগার বন্ধ হয়ে গেছে।’
এ বিষয়ে মাগুরা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক মো. জসীম উদ্দীন বলেন, ‘বর্তমানে ধান পেকে গেছে। তাই জমিতে ধানের গোড়ার অংশে অতিরিক্ত পানি জমে না থাকলে তেমন ক্ষতির আশঙ্কা নেই। তবে সবজির গোড়ায় পানি জমে থাকলে গাছের ক্ষতি হতে পারে।’
টানা বৃষ্টিতে পাকা ধান ঘরে তোলা এবং শীতকালীন সবজি রক্ষা নিয়ে উদ্বেগ বাড়ছে কৃষকদের মধ্যে। দ্রুত বৃষ্টি কমে আবহাওয়া স্বাভাবিক না হলে কৃষকদের আর্থিক ক্ষতির আশঙ্কা আরও বাড়তে পারে।
শীর্ষ সংবাদ: