সদরপুরে ২ শিক্ষকের দ্বন্দ্বে ৫০ শিক্ষার্থীর জীবন বিপন্ন 

​মোস্তফা কামাল , চরভদ্রাসন

প্রকাশ: ২০:০৯, ৫ অক্টোবর ২০২৬

সদরপুরে ২ শিক্ষকের দ্বন্দ্বে ৫০ শিক্ষার্থীর জীবন বিপন্ন 

ফরিদপুর জেলার সদরপুর উপজেলার চর চাঁদপুর কোলকুড়ি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক ও বর্তমান প্রধান শিক্ষকের বিরুদ্ধে বিভিন্ন অনিয়ম, দুর্নীতি, মাদক ব্যবসা এবং বিদ্যালয়ে ভুয়া ছাত্রছাত্রী দেখিয়ে সরকারি উপবৃত্তির টাকা আত্মসাতের অভিযোগ উঠেছে। এসব বিষয়ে সুষ্ঠু বিচার ও প্রশাসনিক হস্তক্ষেপের দাবিতে সংবাদ সম্মেলন করেছেন এলাকাবাসী ও অভিভাবকরা।

​আজ সোমবার চর চাঁদপুর কোলকুড়ি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের আয়োজনে আয়োজিত সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন এলাকার অভিভাবক মো. মুন্নাফ  শেখ।

​সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে জানানো হয়, বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক আব্দুল সামাদ মাস্টার ও বর্তমান প্রধান শিক্ষক মো. মোয়াজ্জেম আলী বিভিন্ন অপকর্মের সাথে জড়িত। সাবেক প্রধান শিক্ষক সামাদ মাস্টার তার কম শিক্ষাগত যোগ্যতার এক মেয়েকে স্কুল কমিটির সভাপতি বানাতে না পেরে বর্তমান সভাপতি আব্দুল হাই মোল্লার ওপর ক্ষুব্ধ হন এবং স্থানীয়দের নানাভাবে হুমকি ও ভয়ভীতি দেখান। এছাড়া সাবেক প্রধান শিক্ষক ও তার দুই ছেলে পারভেজ শেখ ও সাদি শেখের বিরুদ্ধে এলাকায় মাদক ব্যবসার অভিযোগ রয়েছে।

বর্তমান প্রধান শিক্ষক মোয়াজ্জেম আলী দাপ্তরিক কাজের পাশাপাশি বিবাহ রেজিস্ট্রি, পশুর চিকিৎসা এবং গ্রাম্য মাতব্বরি করায় বিদ্যালয়ে সময় দিতে পারেন না, ফলে শিক্ষার্থীদের পড়াশোনা মারাত্মকভাবে ব্যাহত হচ্ছে।সামাদ মাস্টারের ছেলেদের ঘরের ভেতরে যুবকদের মাদকের আড্ডা চলে, যার ফলে ওই এলাকায় সাধারণ মানুষের স্বাভাবিক চলাচল ব্যাহত হচ্ছে এবং আতঙ্ক বিরাজ করছে। স্কুলে প্রকৃত শিক্ষার্থীর সংখ্যা ৫০ থেকে ৫৫ জন হলেও বর্তমান প্রধান শিক্ষক তা বাড়িয়ে ১০৭ জন দেখিয়ে সরকারের উপবৃত্তির টাকা আত্মসাৎ করছেন। চর চাঁদপুর কোলকুড়ি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের কোমলমতি শিশুদের পড়াশোনায় বিঘ্ন ঘটলে এবং নিরাপত্তার অভাব দেখা দিলে অভিভাবকরা কঠোর আইনগত ব্যবস্থা নিতে বাধ্য হবেন।

​সংবাদ সম্মেলনে উপস্থিত এলাকাবাসী ও অভিভাবকরা তাদের সন্তানদের নিরাপদ পড়াশোনা নিশ্চিত করতে এবং অভিযুক্ত শিক্ষকদের বিরুদ্ধে দ্রুত প্রশাসনিক তদন্ত ও আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের নিকট জোরালো দাবি জানান।

এ সম্পর্কিত খবর

আরও পড়ুন