নেছারাবাদে ভ্যান উল্টে বাবা নিহত, আহত সন্তানের পাশে গণপূর্ত প্রতিমন্ত্রী

মো. ফরিদ আহমেদ, নেছারাবাদ (পিরোজপুর)

প্রকাশ: ১৮:৩৪, ৭ অক্টোবর ২০২৬ | আপডেট: ১৮:৩৭, ৭ অক্টোবর ২০২৬

নেছারাবাদে ভ্যান উল্টে বাবা নিহত, আহত সন্তানের পাশে গণপূর্ত প্রতিমন্ত্রী

‎পিরোজপুরের নেছারাবাদে কাঠবোঝাই ভ্যান উল্টে নিহত হতভাগ্য দিনমজুর মো. স্বপনের (৫০) পরিবারের কান্নার রোল থামছে না। অভাবের তাড়নায় যাঁকে পেটের দায়ে চার বছরের অবুঝ শিশু নাঈমকে সঙ্গে নিয়ে ভ্যানে কাঠ টানতে হতো, সেই পিতার আকস্মিক মৃত্যু পুরো এলাকায় নেমে এসেছে গভীর শোকের ছায়া। এই হৃদয়বিদারক ঘটনার পর অসহায় পরিবারটির পাশে মানবিক সহায়তার হাত বাড়িয়ে দিয়েছেন গৃহায়ণ ও গণপূর্ত প্রতিমন্ত্রী।

‎​আজ বুধবার (৭ অক্টোবর) দুপুরে পিরোজপুর ২ আসনের সংসদ সদস্য এবং গৃহায়ণ ও গণপূর্ত প্রতিমন্ত্রী আহম্মদ সোহেল মঞ্জুর এমপি'র নির্দেশনায় নেছারাবাদ উপজেলার ১নং বলদিয়া ইউনিয়নের রাজাবাড়ী ৫ নম্বর ওয়ার্ডে নিহতের বাড়িতে পরিদর্শনে যান উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) জনাব আশিক আহমেদ। এ সময় তিনি নিহতের পরিবারের খোঁজখবর নেন এবং প্রতিমন্ত্রীর পক্ষ থেকে ২০ হাজার ও প্রশাসনের পক্ষ থেকে ২০ হাজার মোট ৪০ হাজার টাকা নগদ সহায়তা নিহতের বাবার হাতে তুলে দেন।
‎
‎এসময় ​বলদিয়া ইউনিয়নের প্রশাসক বশির আহম্মেদ, ​উপজেলা প্রকৌশলী জনাব রাইসুল ইসলাম, ​সোনালী ব্যাংক স্বরূপকাঠি শাখার ম্যানেজার দৃপেন্দ্র নাথ মন্ডল, ​ইউনিয়ন ভূমি কর্মকর্তা (তহসিলদার) মো. মিজানুর রহমান জুয়েল, বিন্না ইয়ংমেন্স ক্লাবের সভাপতি রিয়াদুল ইসলাম​সহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।
‎
ইউএনও জনাব আশিক আহমেদ জানান, মাননীয় প্রতিমন্ত্রীর নির্দেশেই তারা এই শোকাহত পরিবারের পাশে দাঁড়িয়েছেন। ইউনিয়ন প্রশাসকের পক্ষ থেকেও পরিবারটির পাশে থাকার জোরালো আশ্বাস দেওয়া হয় এবং শিশুটির চিকিৎসাসহ পরবর্তীতে আরও সাহায্য-সহযোগিতা করা যায় কি না, সে বিষয়ে সর্বাত্মক চেষ্টা অব্যাহত থাকবে বলে জানানো হয়।
‎
‎এর আগে গতকাল মঙ্গলবার (৬ অক্টোবর) নেছারাবাদ উপজেলায় কাঠবোঝাই ভ্যানগাড়ি নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে চাপা পড়ে ঘটনাস্থলেই ভ্যানচালক স্বপন নিহত হন। এ সময় তার সঙ্গে থাকা চার বছরের শিশু নাঈম গুরুতর আহত হয়। প্রথমে তাকে নেছারাবাদ স্বাস্থ্য কমপ্লেক্স, এরপরে বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হলেও উন্নত চিকিৎসার জন্য পরবর্তীতে ঢাকায় স্থানান্তর করা হয়। বর্তমানে শিশুটি পঙ্গু হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে।

এ সম্পর্কিত খবর

আরও পড়ুন