মোঃ রাকিব হোসাইন হৃদয়, নারায়ণগঞ্জ
প্রকাশ: ১৫:৩৬, ১৭ আগস্ট ২০২৬ | আপডেট: ১৯:৩০, ১৭ আগস্ট ২০২৬
সোমবার (১৭ আগস্ট) নারায়ণগঞ্জ জেলা ও দায়রা জজ আদালতের বিচারক মো. আবু শামীম আজাদ আসামিদের উপস্থিতিতে এ রায় ঘোষণা করেন।
মৃত্যুদণ্ডপ্রাপ্ত তিন আসামি হলেন—অনিক, আকাশ ও চান্ডি বাবু। রায় ঘোষণার সময় তারা আদালতে উপস্থিত ছিলেন। বিষয়টি নিশ্চিত করেছেন কোর্ট পুলিশের পরিদর্শক আব্দুস সামাদ।
মামলার বিবরণ ও আদালত সূত্রে জানা যায়, নিহত ওয়াজেদ সীমান্ত এআইইউবির কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং (সিএসই) বিভাগের শিক্ষার্থী ছিলেন। ২০২৪ সালের ১২ ডিসেম্বর সকাল ৬টার দিকে বিশ্ববিদ্যালয়ে যাওয়ার উদ্দেশ্যে বাসা থেকে বের হন তিনি।
পথে নারায়ণগঞ্জের দেওভোগের মিন্নত আলী শাহ সাহেবের মাজারের সামনে ছিনতাইকারীদের কবলে পড়েন সীমান্ত। এ সময় ছিনতাইকারীরা তাকে ছুরিকাঘাত করে মোবাইল ফোন ও নগদ ১ হাজার ৮০০ টাকা ছিনিয়ে নেয়।
গুরুতর আহত অবস্থায় সীমান্তকে প্রথমে নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতালে নেওয়া হয়। পরে উন্নত চিকিৎসার জন্য তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় ১৪ ডিসেম্বর রাত ১১টার দিকে তার মৃত্যু হয়।
নিহত সীমান্ত দেওভোগ এলাকার মো. আলম পারভেজের ছেলে।
আদালত সূত্র জানায়, চাঞ্চল্যকর এ হত্যা মামলায় মোট ২৭ জন সাক্ষীর মধ্যে ২৪ জনের সাক্ষ্য গ্রহণ শেষে আদালত আজ রায় ঘোষণা করেন। দণ্ডপ্রাপ্ত তিন আসামির বিরুদ্ধে এর আগেও ছিনতাই, হত্যা ও মাদকসহ একাধিক মামলা থাকার তথ্য আদালতে উঠে এসেছে।
রায় ঘোষণার পর বিচার নিশ্চিত হওয়ায় সন্তোষ প্রকাশ করেছেন নিহত সীমান্তের পরিবার ও স্থানীয় বাসিন্দারা। তাদের প্রত্যাশা, এ রায়ের মাধ্যমে ছিনতাই ও সন্ত্রাসের বিরুদ্ধে একটি কঠোর বার্তা যাবে এবং নারায়ণগঞ্জে সাধারণ মানুষের নিরাপত্তা আরও জোরদার হবে।