ভুয়া ছবি ও অপপ্রচারের বিরুদ্ধে যুবদল নেতা মেহেদীর প্রতিবাদ

খুলনা প্রতিনিধি , খুলনা

প্রকাশ: ১৯:১৫, ৭ অক্টোবর ২০২৬

ভুয়া ছবি ও অপপ্রচারের বিরুদ্ধে যুবদল নেতা মেহেদীর প্রতিবাদ

​সামাজিক যোগাযোগমাধ্যম ও একটি অনিবন্ধিত অনলাইন নিউজ পোর্টালে ভুয়া তথ্য এবং কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) দিয়ে তৈরি ছবি ব্যবহার করে করা অপপ্রচারের তীব্র প্রতিবাদ ও নিন্দা জানিয়েছেন সাবেক ছাত্রদল নেতা ও জেলা যুবদল রাজনীতির সাথে সম্পৃক্ত শেখ মেহেদী হাসান।

​গত ৬ই অক্টোবর একটি ভিত্তিহীন ও উদ্দেশ্যপ্রণোদিত প্রতিবেদনে তাঁকে 'আওয়ামী ট্যাগ' দিয়ে রাজনৈতিক ও সামাজিকভাবে হেয় প্রতিপন্ন করার অপচেষ্টা চালানো হয়।

​এক প্রতিবাদ বার্তায় শেখ মেহেদী হাসান বলেন, "আমি ও আমার পরিবার সুদীর্ঘকাল ধরে শহীদ জিয়ার আদর্শ ও বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) রাজনীতির সাথে অনড়ভাবে যুক্ত। বিগত স্বৈরাচারী ও ফ্যাসিস্ট সরকারের শাসনামলে রাজনৈতিক আন্দোলন-সংগ্রামে সক্রিয় থাকার কারণে আমার বিরুদ্ধে ৭টি মিথ্যা মামলা দেওয়া হয় এবং আমি বহুবার হামলার শিকার হয়েছি। আমি শোভনা ইউনিয়ন ছাত্রদলের সাবেক যুগ্ম-আহ্বায়ক হিসেবে দায়িত্ব পালন করেছি।

এছাড়া জাতীয় সংসদ নির্বাচনে শোভনা ইউনিয়নে আলহাজ্ব আলী আসগর লবী সাহেবের নির্বাচন পরিচালনা কমিটির সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করি এবং বর্তমানে জেলা যুবদলের রাজনীতির সাথে সরাসরি সম্পৃক্ত রয়েছি।"

​তিনি আরও উল্লেখ করেন, তাঁর পিতা মোঃ আব্দুর রশিদ শেখ শোভনা ইউনিয়ন যুবদলের সাবেক সাধারণ সম্পাদক, শোভনা ইউনিয়ন বিএনপির সাবেক সিনিয়র যুগ্ম-আহ্বায়ক, ডুমুরিয়া উপজেলা বিএনপির সাবেক আহ্বায়ক কমিটির সদস্য এবং ডুমুরিয়া উপজেলার শোভনা ইউনিয়ন পরিষদের চারবারের নির্বাচিত ইউপি সদস্য। বিগত আওয়ামী সরকারের আমলে তাঁর বাবার বিরুদ্ধে ৪০টিরও বেশি রাজনৈতিক মামলা দেওয়া হয় এবং তিনি প্রতিনিয়ত চরম নির্যাতন ও জুলুমের শিকার হয়েছেন।

​শেখ মেহেদী হাসান ক্ষোভ প্রকাশ করে বলেন, "যে পরিবারের ওপর বিগত ফ্যাসিস্ট আমলে ৪০টিরও বেশি মামলা ও নির্যাতন চালানো হয়েছে, সেই পরিবার ও আমাকে আওয়ামী ট্যাগ দেওয়া একটি হাস্যকর ও গভীর চক্রান্তের অংশ। একটি চক্র ডিজিটাল প্রযুক্তির অপব্যবহার করে, এআই (AI) দিয়ে ভুয়া ছবি বানিয়ে ও ভুঁইফোড় নিউজ পোর্টালে ভিত্তিহীন সংবাদ প্রকাশ করে আমাদের পারিবারিক ও রাজনৈতিক ভাবমূর্তি ক্ষুণ্ন করার অপচেষ্টা চালাচ্ছে।"

​তিনি এ ধরনের অপপ্রচার ও ডিজিটাল জালিয়াতির তীব্র নিন্দা জানান এবং জড়িতদের বিরুদ্ধে আইনি পদক্ষেপ নেওয়ার হুঁশিয়ারি দেন। একইসাথে সাধারণ জনগণ ও বিএনপি এবং অঙ্গসংগঠনের নেতাকর্মীদের সামাজিক যোগাযোগমাধ্যমের এসব গুজোব ও অপপ্রচারে বিভ্রান্ত না হওয়ার অনুরোধ জানিয়েছেন।

এ সম্পর্কিত খবর

আরও পড়ুন