বুড়িগঙ্গায় নিষিদ্ধ জবি ছাত্রলীগের নৌকা মিছিল

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ১৭:৩৩, ৮ নভেম্বর ২০২৬

বুড়িগঙ্গায় নিষিদ্ধ জবি ছাত্রলীগের নৌকা মিছিল

ডিসেম্বরে নিষিদ্ধ আওয়ামী লীগ সভাপতি ও সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার দেশে ফেরার প্রত্যাশা জানিয়ে রাজধানীর বুড়িগঙ্গা নদীতে নৌকা মিছিল করেছে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) নিষিদ্ধ ছাত্রলীগের নেতাকর্মীরা।

রোববার (৮ নভেম্বর) সকালে সদরঘাট এলাকায় এ কর্মসূচির আয়োজন করা হয়। এতে নেতৃত্ব দেন জগন্নাথ বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক আশিক-ই-আতাহার মেসবাহ এবং যুগ্ম সাধারণ সম্পাদক মেহেদী হাসান।

আয়োজনের উদ্দেশ্য সম্পর্কে আশিক-ই-আতাহার মেসবাহ বলেন, শেখ হাসিনার ডিসেম্বর মাসে স্বদেশ প্রত্যাবর্তনের প্রত্যাশা মানুষের কাছে পৌঁছে দিতেই তাঁদের এ উদ্যোগ। তাঁর ভাষ্য, ডিসেম্বর বিজয়ের মাস। বাংলাদেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব, গণতন্ত্র ও জনগণের অধিকার রক্ষার গুরুত্ব এ মাসের ইতিহাসের সঙ্গে জড়িয়ে রয়েছে।

তিনি আরও দাবি করেন, শেখ হাসিনা ২০২৬ সালের ডিসেম্বর মাসে দেশে ফেরার ইচ্ছার কথা বিভিন্ন সাক্ষাৎকারে জানিয়েছেন। তাঁর স্বদেশ প্রত্যাবর্তনের বিষয়টি বাস্তবায়নে জগন্নাথ বিশ্ববিদ্যালয় ছাত্রলীগ দৃঢ়প্রতিজ্ঞ বলেও মন্তব্য করেন তিনি। এ সময় শেখ হাসিনার দেশে ফেরার অপেক্ষায় দেশের কোটি কোটি মানুষ রয়েছেন বলে দাবি করেন এই ছাত্রলীগ নেতা।

নৌকা মিছিল থেকে ডিসেম্বরের বিজয়ের চেতনার প্রসঙ্গ তুলে ধরে আশিক-ই-আতাহার মেসবাহ বলেন, দেশে শান্তি, ন্যায়বিচার, মানবিক মর্যাদা ও গণতান্ত্রিক অধিকার প্রতিষ্ঠা তাঁদের প্রত্যাশা। রাজনৈতিক মতপার্থক্য নিরসনে বিভেদের পরিবর্তে সহাবস্থান, প্রতিহিংসার বদলে ন্যায়বিচার এবং সংঘাতের পরিবর্তে শান্তিপূর্ণ সমাধানের ওপর গুরুত্ব দেন তিনি।

উল্লেখ্য, শেখ হাসিনার দেশে ফেরার প্রত্যাশাকে কেন্দ্র করেই বুড়িগঙ্গায় এ নৌকা মিছিলের আয়োজন করা হয়।

এ সম্পর্কিত খবর

আরও পড়ুন