মার্কিন সেনাবাহিনীর সম্মাননা পেলেন ব্রিগেডিয়ার জেনারেল ইমরুল হাসান

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ১৪:৩৪, ৪ নভেম্বর ২০২৬ | আপডেট: ১৫:৫১, ৪ নভেম্বর ২০২৬

মার্কিন সেনাবাহিনীর সম্মাননা পেলেন ব্রিগেডিয়ার জেনারেল ইমরুল হাসান

বাংলাদেশ সেনাবাহিনীর প্যারাকমান্ডো ব্রিগেডের কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল এম এম ইমরুল হাসান যুক্তরাষ্ট্রের ন্যাশনাল ইনফ্যান্ট্রি অ্যাসোসিয়েশনের মর্যাদাপূর্ণ ‘অর্ডার অব সেন্ট মরিস’ সম্মাননা পেয়েছেন। পদাতিক বাহিনীতে নেতৃত্ব, পেশাগত দক্ষতা ও যৌথ সামরিক প্রশিক্ষণে বিশেষ অবদানের স্বীকৃতি হিসেবে তাঁকে এ সম্মাননা দেওয়া হয়েছে।

গত ২৯ অক্টোবর ঢাকায় অবস্থিত মার্কিন দূতাবাস সামাজিক যোগাযোগমাধ্যমে এক বার্তায় বাংলাদেশ সেনাবাহিনীর তিন কর্মকর্তাকে এ সম্মাননা পাওয়ায় অভিনন্দন জানায়। তবে দূতাবাসের ওই বার্তায় তিন কর্মকর্তার নাম উল্লেখ করা হয়নি।

দূতাবাসের তথ্য অনুযায়ী, ২০২৬ সালে অনুষ্ঠিত ‘এক্সারসাইজ টাইগার লাইটনিং’ যৌথ সামরিক প্রশিক্ষণে নেতৃত্ব, পদাতিক বাহিনীর প্রতি অঙ্গীকার এবং যৌথ প্রশিক্ষণে নিষ্ঠার স্বীকৃতি হিসেবে তাঁদের এ সম্মাননা দেওয়া হয়েছে।

‘অর্ডার অব সেন্ট মরিস’ যুক্তরাষ্ট্রের ন্যাশনাল ইনফ্যান্ট্রি অ্যাসোসিয়েশন প্রদত্ত একটি সামরিক সম্মাননা। পদাতিক বাহিনীর পেশাগত উন্নয়ন ও কার্যক্রমে উল্লেখযোগ্য অবদানের স্বীকৃতি হিসেবে এ সম্মাননা প্রদান করা হয়।

ব্রিগেডিয়ার জেনারেল এম এম ইমরুল হাসান বাংলাদেশ সেনাবাহিনীর প্যারাকমান্ডো ব্রিগেডের কমান্ডার হিসেবে দায়িত্ব পালন করছেন। এর আগে তিনি প্যারাকমান্ডো ব্যাটালিয়নের অধিনায়ক হিসেবে দায়িত্ব পালন করেন। ২০১৬ সালের হলি আর্টিজান হামলার পর পরিচালিত ‘অপারেশন থান্ডারবোল্ট’-এও তিনি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন।

বাংলাদেশ সেনাবাহিনীর বিশেষায়িত এই ব্রিগেডের সদর দপ্তর সিলেটের জালালাবাদ সেনানিবাসে। বিশেষ অভিযান পরিচালনা ও সন্ত্রাসবিরোধী কার্যক্রমে প্রশিক্ষিত এ বাহিনী দেশের সামরিক সক্ষমতার গুরুত্বপূর্ণ অংশ।

মার্কিন সেনাবাহিনীর সঙ্গে যৌথ প্রশিক্ষণে অবদানের স্বীকৃতি হিসেবে এ সম্মাননা বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের সামরিক সহযোগিতার ক্ষেত্রেও তাৎপর্যপূর্ণ বলে বিবেচিত হচ্ছে।

এ সম্পর্কিত খবর

আরও পড়ুন