মবকাণ্ডের পর তালাবদ্ধ রামেবি, তালা খুলে দিলেন ছাত্রদল-যুবদল

মোস্তাফিজুর রহমান জীবন, রাজশাহী

প্রকাশ: ১৫:৩৮, ৮ অক্টোবর ২০২৬

মবকাণ্ডের পর তালাবদ্ধ রামেবি, তালা খুলে দিলেন ছাত্রদল-যুবদল

মবকাণ্ডের পর স্থবির হয়ে পড়া রাজশাহী মেডিকেল বিশ্ববিদ্যালয়ের (রামেবি) দাফতরিক কার্যক্রম তালা ভেঙে সচল করেছেন ছাত্রদল ও যুবদলের নেতারা।

বৃহস্পতিবার (৮ অক্টোবর) দুপুর ১২টার দিকে জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. আরিফ হোসেনের উপস্থিতিতে রামেবির কার্যালয়ের তালা ভেঙে কর্মকর্তাদের দফতরে প্রবেশের ব্যবস্থা করা হয়।

এ সময় মহানগর যুবদলের আহ্বায়ক শরিফুল ইসলাম জনি, মহানগর বিএনপির সহসভাপতি জয়নাল আবেদিন শিবলী, স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক আসাদুজ্জামান জনি, মহানগর ছাত্রদলের সদস্য সচিব এমদাদুল হক লিমন ও সিনিয়র যুগ্ম আহ্বায়ক খালিদ বিন ওয়ালিদ আবিরসহ নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। তারা উপাচার্যকে বাসা থেকে রামেবিতে নিয়ে আসেন।

তালা খোলার পর রামেবির কর্মকর্তারা নিজ নিজ দফতরে প্রবেশ করেন। একই সঙ্গে মামলার তদন্তকারী কর্মকর্তা সংশ্লিষ্ট কক্ষ থেকে প্রয়োজনীয় আলামত সংগ্রহ করেন।

মহানগর যুবদলের আহ্বায়ক শরিফুল ইসলাম জনি বলেন, মঙ্গলবার মবের ঘটনা শোনার পর তিনি ঘটনাস্থলে উপস্থিত হন। সেখানে ‘আপামর ছাত্র-জনতা’ লেখা একটি ব্যানার দেখতে পান। তবে ওই ব্যানারে থাকা ব্যক্তিদের কেউ ছাত্রদল বা যুবদলের সঙ্গে সম্পৃক্ত নন বলে দাবি করেন তিনি।

তিনি বলেন, বর্তমান সরকারের সময়ে কোনো ধরনের মবতন্ত্র, দখলবাজি বা জোরজবরদস্তির সুযোগ নেই। বিএনপি ও জাতীয়তাবাদী যুবদল এ বিষয়ে ‘জিরো টলারেন্স’ নীতিতে রয়েছে। আইন মেনেই রামেবির কার্যক্রম স্বাভাবিক করতে তারা ভূমিকা রেখেছেন।

এ বিষয়ে নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. আরিফ হোসেন বলেন, বহিরাগত কেউ কক্ষটিতে তালা ঝুলিয়েছিল। তালা খুলে কক্ষটি তদন্তকারী কর্মকর্তার কাছে হস্তান্তর করা হয়েছে। বর্তমানে রামেবির আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রয়েছে।

উল্লেখ্য, গত মঙ্গলবার (৬ অক্টোবর) রামেবির অস্থায়ী কার্যালয়ে উপাচার্যকে একটি কাগজে জোরপূর্বক স্বাক্ষর করানোর অভিযোগ ওঠে। উপাচার্যের ভাষ্য অনুযায়ী, তাকে কাগজটি পড়তে দেওয়া হয়নি এবং লাঞ্ছিত হওয়ার আশঙ্কায় তিনি তাতে স্বাক্ষর করতে বাধ্য হন। পরে তাকে কার্যালয় থেকে বের করে দেওয়া হয়।

এ ঘটনায় ৫০ থেকে ৬০ জন অজ্ঞাতনামা ব্যক্তিকে আসামি করে মামলা হয়েছে। মামলায় এখন পর্যন্ত তিনজনকে গ্রেপ্তার করা হয়েছে। পুলিশ জানিয়েছে, ঘটনার ভিডিও ও ছবি বিশ্লেষণ করে আরও কয়েকজনকে শনাক্ত করা হয়েছে।

এ সম্পর্কিত খবর

আরও পড়ুন