‎আক্কেলপুরে দ্রুতযান এক্সপ্রেসের নিচে কাটা পড়ে বৃদ্ধের মৃত্যু

‎আরিফুল ইসলাম, জয়পুরহাট 

প্রকাশ: ১২:৪২, ১০ অক্টোবর ২০২৬

‎আক্কেলপুরে দ্রুতযান এক্সপ্রেসের নিচে কাটা পড়ে বৃদ্ধের মৃত্যু

‎জয়পুরহাটের আক্কেলপুরে রেলসেতুর ওপর ট্রেনে কাটা পড়ে আতাহার আলী (৭৫) নামে এক বৃদ্ধের মৃত্যু হয়েছে। শনিবার (১০ অক্টোবর) ভোরে আক্কেলপুর মহিলা কলেজের দক্ষিণ পাশে ২৭৬ নম্বর রেলসেতুর ওপর থেকে তাঁর মরদেহ উদ্ধার করা হয়।

নিহত আতাহার আলী উপজেলার রুকিন্দিপুর ইউনিয়নের কানুপুর গ্রামের মৃত দশরত মিয়ার ছেলে।
‎
‎স্থানীয় সূত্রে জানা যায়, শনিবার ভোরে প্রাতঃভ্রমণে বের হওয়া কয়েকজন ব্যক্তি রেলসেতুর ওপর বৃদ্ধের মরদেহ পড়ে থাকতে দেখেন। তাঁর পরনে ছিল গোলাপি পাঞ্জাবি ও লুঙ্গি। মরদেহের পাশে একটি কালো কাপড়ের ব্যাগ ও ধাতব লাঠি পড়ে ছিল। পরে স্থানীয়রা বিষয়টি আক্কেলপুর রেলওয়ে স্টেশন কর্তৃপক্ষকে জানান।
‎
‎স্থানীয় বাসিন্দা আব্দুল মোমিন বলেন, সকালে হাঁটতে বের হয়ে রেলসেতুর ওপর বৃদ্ধের মরদেহ দেখতে পান তিনি। তাঁর ধারণা, গভীর রাতে কোনো একসময় ট্রেনে কাটা পড়ে ওই বৃদ্ধের মৃত্যু হয়ে থাকতে পারে।
‎
‎নিহতের প্রতিবেশী রতন চন্দ্র জানান, কয়েক দিন আগে চিকিৎসার জন্য ঢাকায় গিয়েছিলেন আতাহার আলী। আক্কেলপুর স্টেশনে নেমে রেললাইন ধরে হেঁটে বাড়ি ফেরার পথে এ দুর্ঘটনা ঘটে থাকতে পারে। পরিবারের অন্য সদস্যরা ঢাকায় থাকলেও তিনি স্ত্রীকে নিয়ে গ্রামে বসবাস করতেন।
‎
‎আক্কেলপুর রেলওয়ে স্টেশনের স্টেশনমাস্টার আবু সাঈদ বলেন, মহিলা কলেজের দক্ষিণ পাশে ২৭৬ নম্বর রেলসেতুর ওপর ট্রেনে কাটা পড়ে একজনের মৃত্যুর খবর পেয়েছেন তাঁরা। শনিবার ভোর ৫টা ২০ মিনিটে ঢাকা থেকে ছেড়ে আসা পঞ্চগড়গামী আপ দ্রুতযান এক্সপ্রেস ট্রেনটি আক্কেলপুর স্টেশন ছেড়ে যায়। ওই ট্রেনের নিচে কাটা পড়েই বৃদ্ধের মৃত্যু হয়ে থাকতে পারে।
‎
‎সান্তাহার রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দুলাল উদ্দিন বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। নিহতের বয়স আনুমানিক ৭৫ বছর। মরদেহ উদ্ধার করে থানায় নেওয়ার প্রক্রিয়া চলছে। এ ঘটনায় আইনগত কার্যক্রম চলমান রয়েছে।

এ সম্পর্কিত খবর

আরও পড়ুন