চেক জালিয়াতি মামলায় আইনজীবী কারাগারে

জনি সাহা, লক্ষ্মীপুর

প্রকাশ: ০০:৩৩, ১২ অক্টোবর ২০২৬

চেক জালিয়াতি মামলায় আইনজীবী কারাগারে

চেক চুরি ও স্বাক্ষর জালিয়াতির দায়ে লক্ষ্মীপুর জেলা আইনজীবী সমিতির সাবেক সাধারণ সম্পাদক অ্যাডভোকেট হুমায়ুন কবির হাওলাদারকে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন আদালত।

রবিবার (১১ অক্টোবর, ২০২৬) বিকেলে লক্ষ্মীপুর অতিরিক্ত চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক মোহাম্মদ রেজাউল হক জামিন আবেদন নামঞ্জুর করে তাকে এই কারাগারে পাঠানোর আদেশ দেন।

মামলার এজাহার সূত্রে জানা যায়, বাদী ইউছুফ আলীর স্ত্রী মরিয়ম বেগম অভিযুক্ত আইনজীবী হুমায়ুন কবিরের আত্মীয় হন। মরিয়মের বাড়িতে একটি অনুষ্ঠানে বেড়াতে গিয়ে হুমায়ুন কবির সাউথইস্ট ব্যাংক হায়দরগঞ্জ শাখার একটি ব্লাংক চেক চুরি করেন। পরবর্তীতে ওই চেকে ৩৬ লাখ ৮১ হাজার টাকা লিখে মরিয়ম বেগমের স্বাক্ষর জাল করে টাকা উত্তোলনের জন্য ব্যাংকে জমা দেন। তবে চেকে দেওয়া স্বাক্ষরে গরমিল থাকায় ব্যাংক কর্তৃপক্ষের সন্দেহ হয় এবং তারা মূল গ্রাহককে বিষয়টি জানান।

এই ঘটনায় মরিয়ম বেগমের স্বামী ইউছুফ আলী বাদী হয়ে হুমায়ুন কবির হাওলাদার ও আব্দুস শহীদ নামে দুইজনের বিরুদ্ধে সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট রায়পুর আদালতে মামলা দায়ের করেন।

আদালতের নির্দেশে সহকারী পুলিশ সুপার (রায়পুর সার্কেল) মামলাটি তদন্ত করেন। পরবর্তীতে সিআইডির (CID) বৈজ্ঞানিক পরীক্ষায় চেকের স্বাক্ষরটি জাল এবং তা হুমায়ুন কবির হাওলাদারের হাতের লেখা বলে প্রমাণিত হয়। তদন্ত প্রতিবেদন জমার পর গত ৭ অক্টোবর আদালত আসামিদের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেন।

রবিবার অ্যাডভোকেট হুমায়ুন কবির হাওলাদার আদালতে আত্মসমর্পণ করে জামিনের আবেদন জানালে বাদী ও বিবাদী উভয় পক্ষের দীর্ঘ শুনানি হয়। বাদীপক্ষে শুনানি করেন জ্যেষ্ঠ আইনজীবী মো. ফিরোজ আলম। শুনানি শেষে বিজ্ঞ বিচারক জামিন নামঞ্জুর করে তাকে জেলহাজতে পাঠানোর নির্দেশ দেন। মামলার অপর আসামি আব্দুস শহীদ বর্তমানে পলাতক রয়েছেন।

লক্ষ্মীপুর জেলা আইনজীবী সমিতির সভাপতি অ্যাডভোকেট মনিরুল ইসলাম হাওলাদার জানান, আদালত থেকে তাকে বিষয়টি আপস-মীমাংসার দায়িত্ব দেওয়া হয়েছিল এবং তারা ৭ দিনের সময় চেয়েছিলেন; কিন্তু বাদীপক্ষ তাৎক্ষণিক আইনি প্রতিকার চাওয়ায় কোনো সমঝোতা সম্ভব হয়নি।

এ সম্পর্কিত খবর

আরও পড়ুন