রাজশাহীতে ভ্যানচালককে কুপিয়ে জখম, চক্রের ৩ সদস্য গ্রেপ্তার

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ১৬:০৯, ১৩ অক্টোবর ২০২৬

রাজশাহীতে ভ্যানচালককে কুপিয়ে জখম, চক্রের ৩ সদস্য গ্রেপ্তার

রাজশাহীর চারঘাটে এক ভ্যানচালককে চাকু দিয়ে কুপিয়ে ও হাতুড়ি দিয়ে পিটিয়ে জখম করে ব্যাটারিচালিত ভ্যান, মুঠোফোন ও নগদ টাকা ছিনতাইয়ের ঘটনায় তিনজনকে গ্রেপ্তার করেছে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি)-৫। মঙ্গলবার (১৩ অক্টোবর) গভীর রাতে রাজশাহীর বাঘা উপজেলার মীরগঞ্জ বাজার এলাকায় অভিযান চালিয়ে তাঁদের গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার ব্যক্তিরা হলেন মো. জহিরুল ইসলাম (৩০), মো. সহিদুল ইসলাম (৪২) ও আলমগীর হোসেন (৩৪)। এসআরবি-৫-এর দাবি, জহিরুল এই ছিনতাইকারী চক্রের মূলহোতা। তাঁর বিরুদ্ধে মাদকদ্রব্য ও বিশেষ ক্ষমতা আইনে আটটি মামলা রয়েছে।

এসআরবি-৫-এর সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, গত ১১ অক্টোবর সন্ধ্যা ৭টার দিকে চারঘাট উপজেলার শিশাতলা এলাকায় ভ্যানচালক তফিকুল ইসলামকে (৫০) তাঁর ভ্যানে থাকা দুই অজ্ঞাতনামা যাত্রী অতর্কিত হামলা চালান। এ সময় তাঁকে চাকু দিয়ে কুপিয়ে হাতে গুরুতর জখম করা হয় এবং হাতুড়ি দিয়ে পিটিয়ে শরীরের বিভিন্ন স্থানে আঘাত করা হয়। পরে তাঁর ব্যাটারিচালিত ভ্যান, একটি মুঠোফোন ও নগদ টাকা ছিনিয়ে নিয়ে যায় দুর্বৃত্তরা।

এ ঘটনায় ভুক্তভোগীর ছেলে চারঘাট থানায় অজ্ঞাতনামা দুজনকে আসামি করে দণ্ডবিধির ৩৯৪ ধারায় দস্যুতার মামলা করেন। ঘটনার পর এসআরবি-৫ ছায়াতদন্ত শুরু করে। এর ধারাবাহিকতায় গোপন তথ্যের ভিত্তিতে মঙ্গলবার দিবাগত রাত দেড়টার দিকে বাঘার মীরগঞ্জ বাজার এলাকায় অভিযান চালিয়ে জহিরুলকে গ্রেপ্তার করা হয়।

সংবাদ বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, জহিরুলের দেওয়া তথ্যের ভিত্তিতে ভ্যান ছিনতাইয়ের ঘটনায় জড়িত থাকার অভিযোগে আলমগীর হোসেন এবং মুঠোফোন ছিনতাইয়ের ঘটনায় জড়িত থাকার অভিযোগে টুটুলকে গ্রেপ্তার করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেপ্তার তিনজনই ঘটনার সঙ্গে জড়িত থাকার কথা স্বীকার করেছেন বলে দাবি করেছে এসআরবি।

গ্রেপ্তার ব্যক্তিদের পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য চারঘাট থানায় হস্তান্তর করা হয়েছে বলে সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়।

আরও পড়ুন