সাবেক ২ সেনা কর্মকর্তা ৪ দিনের রিমান্ডে

নিজস্ব প্রতিবেদক,ঢাকা

প্রকাশ: ২৩:১৯, ১২ অক্টোবর ২০২৬

সাবেক ২ সেনা কর্মকর্তা ৪ দিনের রিমান্ডে

রাষ্ট্রবিরোধী ষড়যন্ত্র ও দেশে অস্থিতিশীল পরিস্থিতি তৈরির অভিযোগে করা মামলায় অবসরপ্রাপ্ত দুই সেনা কর্মকর্তাকে চার দিন করে রিমান্ডে নেওয়ার আদেশ দিয়েছেন আদালত।

সোমবার (১২ অক্টোবর) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট দিদারুল আলমের আদালত এ আদেশ দেন। রিমান্ডে পাঠানো ব্যক্তিরা হলেন—লেফটেন্যান্ট কর্নেল (অব.) দেবাশীষ (৪৭) এবং লেফটেন্যান্ট (অব.) কাজী গুলশান আরা (৪৩)।

মামলার তদন্তকারী কর্মকর্তা গোয়েন্দা পুলিশের (ডিবি) সাইবার ও বিশেষ অপরাধ বিভাগের পরিদর্শক (নিরস্ত্র) শেখ বশির আহমেদ আসামিদের আদালতে হাজির করে সাত দিনের রিমান্ড আবেদন করেন। অন্যদিকে আসামিপক্ষের আইনজীবী রিমান্ড বাতিল করে জামিনের আবেদন জানান। উভয় পক্ষের শুনানি শেষে আদালত চার দিনের রিমান্ড মঞ্জুর করেন।

এর আগে বিকেল ৫টার দিকে কড়া পুলিশি নিরাপত্তায় দুই আসামিকে ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে হাজির করা হয়।

রিমান্ড আবেদনে পুলিশ জানায়, আসামিরা রাজধানীর পল্লবী এলাকার একটি বাসায় অবস্থান করে হোয়াটসঅ্যাপ গ্রুপের মাধ্যমে রাষ্ট্রবিরোধী ও সহিংসতায় উসকানিমূলক উপাদান তৈরি এবং প্রচার করছিলেন। অনলাইন প্ল্যাটফর্মে সাবেক সেনাপ্রধান জেনারেল (অব.) আজিজ আহমেদ ও সাবেক স্বরাষ্ট্রমন্ত্রীসহ বিদেশে পলাতক নেতাদের সঙ্গে যোগাযোগ রেখে তারা অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টির ষড়যন্ত্রে লিপ্ত ছিলেন।

আবেদনে আরও উল্লেখ করা হয়, ২০১৮ সালে একটি গোলটেবিল বৈঠকের মাধ্যমে আওয়ামী লীগের প্রতি আনুগত্য জানিয়ে ‘বঙ্গবন্ধু সেনা পরিষদ’ নামের ১০১ সদস্যের একটি কমিটি গঠন করা হয়, যেখানে এই দুই কর্মকর্তা যুক্ত ছিলেন। তাদের সাথে দেশি-বিদেশি বিভিন্ন সংস্থার যোগাযোগের তথ্য পাওয়া গেছে বলে জানায় পুলিশ।

উল্লেখ্য, গত রোববার রাতে রাজধানীর পল্লবী ও বনানী ডিওএইচএস এলাকায় পৃথক অভিযান চালিয়ে এই দুই সাবেক সেনা কর্মকর্তাকে গ্রেপ্তার করে গোয়েন্দা পুলিশ।

এ সম্পর্কিত খবর

আরও পড়ুন