নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ১০:৪৭, ১২ অক্টোবর ২০২৬
চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার মহারাজপুর ইউনিয়নের মুন্সি মণ্ডলের টোলা এলাকায় একটি লেবুবাগান থেকে ১৭টি ককটেল উদ্ধার করেছে পুলিশ ও স্পেশাল রেসপন্স ব্যাটালিয়নের (এসআরবি) সদস্যরা।
রোববার (১১ অক্টোবর) রাত ৯টা ১৫ মিনিটের দিকে সদর থানাধীন মহারাজপুর ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের ওই এলাকায় যৌথ অভিযান চালিয়ে এসব ককটেল উদ্ধার করা হয়।
এসআরবি-৫, রাজশাহীর বোমা নিষ্ক্রিয়করণ ইউনিটের সহযোগিতায় এসআরবি-৫ ও পুলিশের সদস্যরা লেবুবাগানের ভেতর থেকে পরিত্যক্ত অবস্থায় ককটেলগুলো উদ্ধার ও জব্দ করেন। অভিযানের সময় ঘটনাস্থলের আশপাশে কোনো সন্দেহভাজন ব্যক্তিকে পাওয়া যায়নি। এ ঘটনায় এখন পর্যন্ত কাউকে গ্রেপ্তার করা হয়নি।
এসআরবির দেওয়া তথ্য অনুযায়ী, উদ্ধার করা ককটেলগুলো নাশকতা সৃষ্টির উদ্দেশ্যে সেখানে রাখা হয়ে থাকতে পারে বলে ধারণা করা হচ্ছে।
উদ্ধার করা ককটেলগুলো পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য চাঁপাইনবাবগঞ্জ সদর থানায় হস্তান্তর করা হয়েছে।