ওসমানীনগরে প্রেমঘটিত বিরোধে ছুরিকাঘাতে যুবক খুন

ওসমানীনগর (সিলেট) প্রতিনিধি

প্রকাশ: ১৩:১০, ৩ নভেম্বর ২০২৬

ওসমানীনগরে প্রেমঘটিত বিরোধে ছুরিকাঘাতে যুবক খুন

সিলেটের ওসমানীনগরে প্রেমঘটিত বিরোধের জেরে ছুরিকাঘাতে সাইফুর রহমান (২৫) নামে এক যুবক নিহত হয়েছেন।

সোমবার দিবাগত রাত ১২টার দিকে উপজেলার শেরপুর টোলপ্লাজার পাশে লুৎফুর রহমানের দোকানে এ হত্যাকাণ্ডের ঘটনা ঘটে।

নিহত সাইফুর রহমান উপজেলার সাদিপুর ইউনিয়নের সৈয়দপুর গ্রামের করম উদ্দিনের ছেলে।

স্থানীয় সূত্রে জানা যায়, উপজেলার পশ্চিম পৈলনপুর ইউনিয়নের মানিক মিয়ার মেয়ে সঙ্গে সাইফুর রহমানের প্রেমের সম্পর্ক ছিল। প্রায় চার মাস আগে ওই তরুণী সাইফুরের হাত ধরে বাড়ি থেকে চলে যান। বিষয়টি জানাজানি হলে পারিবারিকভাবে তা মীমাংসা করা হয়। তবে এ ঘটনাকে কেন্দ্র করে বিরোধের সূত্রপাত হয়।

স্থানীয়দের দাবি, সোমবার দিবাগত রাতে শেরপুর টোলপ্লাজার পাশে লুৎফুর রহমানের দোকানে সাইফুর রহমান অবস্থানকালে সেজু মিয়া নামে এক ব্যক্তি তাকে ছুরিকাঘাত করে পালিয়ে যান। পরে স্থানীয়রা রক্তাক্ত অবস্থায় তাকে হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

এদিকে হত্যাকাণ্ডের খবর ছড়িয়ে পড়লে অভিযুক্তকে গ্রেপ্তারের দাবিতে উত্তেজিত জনতা সিলেট-ঢাকা মহাসড়ক অবরোধ করেন। খবর পেয়ে ওসমানীনগর থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে অভিযুক্তকে গ্রেপ্তারের আশ্বাস দিলে অবরোধ প্রত্যাহার করা হয় এবং যান চলাচল স্বাভাবিক হয়।

হত্যাকাণ্ডের বিষয়টি নিশ্চিত করেছেন ওসমানীনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গোলাম মোস্তফা।

এ সম্পর্কিত খবর

আরও পড়ুন