নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ১৭:৫৯, ৩ নভেম্বর ২০২৬
সোমবার (২ নভেম্বর) বিকেল সাড়ে ৫টার দিকে চাঁপাইনবাবগঞ্জ পৌরসভার ১ নম্বর ওয়ার্ডের রেলস্টেশন বস্তি এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করে এসআরবি-৫, রাজশাহীর সিপিসি-১-এর একটি অপারেশন দল।
গ্রেপ্তার ব্যক্তিরা হলেন মো. মাসুম আলী (৩০) ও মো. মেহেদী হাসান (২৮)। তারা দুজনই চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার আলীনগর টেকনিক্যাল মোড় এলাকার বাসিন্দা।
এসআরবি সূত্রে জানা যায়, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে রেলস্টেশন বস্তি এলাকায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে মারামারি ও সংঘর্ষের খবর পায় এসআরবি-৫-এর সিপিসি-১। পরে অভিযান চালিয়ে সংঘর্ষে জড়িত দুইজনকে গ্রেপ্তার করা হয়।
এ সময় গ্রেপ্তার মাসুম আলীর দেখানো মতে একটি সাদা প্লাস্টিকের বালতির ভেতর থেকে কালো কসটেপে মোড়ানো তিনটি ককটেল উদ্ধার করা হয়। অন্যদিকে মেহেদী হাসানের ডান হাত থেকে কাঠের হাতলযুক্ত একটি রামদা উদ্ধার করা হয়। পরে উপস্থিত সাক্ষীদের সামনে উদ্ধার করা আলামতগুলো জব্দ করা হয়।
গ্রেপ্তার দুই আসামি ও উদ্ধার করা আলামত পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য চাঁপাইনবাবগঞ্জ সদর থানায় হস্তান্তর করা হয়েছে।
চাঁপাইনবাবগঞ্জসহ দেশের সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা এবং অপরাধীদের আইনের আওতায় আনতে অভিযান অব্যাহত রয়েছে বলে জানিয়েছে এসআরবি।
শীর্ষ সংবাদ: