স্ত্রীর রহস্যজনক মৃত্যুর পর আত্মগোপন, ঢাকায় গ্রেপ্তার যুবদল নেতা

আহমেদ বায়েজিদ, বরিশাল

প্রকাশ: ১১:১৪, ৪ নভেম্বর ২০২৬

স্ত্রীর রহস্যজনক মৃত্যুর পর আত্মগোপন, ঢাকায় গ্রেপ্তার যুবদল নেতা

স্ত্রীর রহস্যজনক মৃত্যুর পর এলাকা ছেড়ে আত্মগোপনে চলে গিয়েছিলেন যুবদল নেতা মো. রাসেল মাহমুদ বয়াতী (৫১)। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর চোখ ফাঁকি দিতে বদলেছেন অবস্থানও। তবে শেষ রক্ষা হয়নি। গোয়েন্দা নজরদারি ও যৌথ অভিযানে ঢাকার দক্ষিণ কেরানীগঞ্জ থেকে তাকে গ্রেপ্তার করেছে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি)।

পটুয়াখালীর রাঙ্গাবালী উপজেলার গৃহবধূ ফারহানা ইয়াসমিন শিলা (৪৫)-এর রহস্যজনক মৃত্যুর ঘটনায় দায়ের করা আত্মহত্যায় প্ররোচনার মামলায় তিনি এজাহারনামীয় প্রধান অভিযুক্ত।

মঙ্গলবার (৩ নভেম্বর) দুপুরে ঢাকা জেলার দক্ষিণ কেরানীগঞ্জ থানাধীন ধলেশ্বরী টোল প্লাজার সামনে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়। এসআরবি-৮ বরিশালের ভোলা ক্যাম্প ও এসআরবি-১০ ঢাকার সদর কোম্পানির যৌথ আভিযানিক দল এ অভিযান পরিচালনা করে।

মামলার এজাহার সূত্রে জানা গেছে, প্রায় এক বছর আগে ফারহানা ইয়াসমিন শিলার সঙ্গে রাসেল মাহমুদ বয়াতীর বিয়ে হয়। অভিযোগ রয়েছে, বিয়ের পর থেকেই বিভিন্ন সময়ে স্ত্রীকে নির্যাতন করতেন রাসেল। এরই মধ্যে গত ৩০ অক্টোবর সকাল আনুমানিক ৭টা ৪৫ মিনিটে নিজ বাড়ি থেকে শিলার ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়। তার এমন রহস্যজনক মৃত্যুর ঘটনায় আত্মহত্যায় প্ররোচনার অভিযোগে রাঙ্গাবালী থানায় মামলা দায়ের করেন স্বজনরা।

এ ঘটনার পর থেকেই অভিযুক্ত রাসেল এলাকা ছেড়ে আত্মগোপনে চলে যান। গ্রেপ্তার এড়াতে বারবার অবস্থান পরিবর্তন করছিলেন তিনি। তবে গোয়েন্দা নজরদারির মাধ্যমে তার অবস্থান শনাক্ত করতে সক্ষম হয় এসআরবি। পরে দুই ব্যাটালিয়নের যৌথ অভিযানে তাকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার রাসেল মাহমুদ বয়াতী রাঙ্গাবালী উপজেলার বাহেরচর এলাকার ১ নম্বর ওয়ার্ডের বাসিন্দা। তিনি ফরিদ উদ্দিন বয়াতীর ছেলে।

এসআরবি-৮ বরিশালের মিডিয়া অফিসার সহকারী পুলিশ সুপার সাথী আক্তার স্বাক্ষরিত প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, গ্রেপ্তারের পর রাসেলকে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য ডিএমপির দক্ষিণ কেরানীগঞ্জ থানায় হস্তান্তর করা হয়েছে।

এখন সামনে বড় প্রশ্ন—গৃহবধূ ফারহানা ইয়াসমিন শিলার মৃত্যুর প্রকৃত কারণ কী? এটি কি নিছক আত্মহত্যা, নাকি এর পেছনে রয়েছে অন্য কোনো ঘটনা? এসব প্রশ্নের উত্তর বেরিয়ে আসবে সুষ্ঠু তদন্তে। স্বজনদের অভিযোগ ও মামলার এজাহারের বিষয়গুলো গুরুত্ব দিয়ে তদন্ত করে মৃত্যুর প্রকৃত রহস্য উদ্ঘাটনের দাবি উঠেছে।

এ সম্পর্কিত খবর

আরও পড়ুন