খুলনার শীর্ষ সন্ত্রাসী শুটার ইমরানসহ ৪ সহযোগী গ্রেফতার

খুলনা প্রতিনিধি

প্রকাশ: ১৬:১১, ২৯ নভেম্বর ২০২৬

খুলনার শীর্ষ সন্ত্রাসী শুটার ইমরানসহ ৪ সহযোগী গ্রেফতার

রাজধানীর মোহাম্মদপুর এলাকায় বিশেষ অভিযান চালিয়ে খুলনার শীর্ষ সন্ত্রাসী গ্রুপ ‘বি-কোম্পানি’র সক্রিয় সদস্য ও গ্রুপ প্রধান গ্রেনেড বাবুর ঘনিষ্ঠ সহযোগী ‘শুটার ইমরান’সহ (৪০) পাঁচজনকে গ্রেফতার করেছে এসআরবি-৬ ও এসআরবি-২। এ সময় তাদের কাছ থেকে একটি বিদেশি রিভলবার ও পাঁচ রাউন্ড তাজা গুলি উদ্ধার করা হয়।

​রোববার (২৯ নভেম্বর) ভোররাত ৩টা ৫০ মিনিটের দিকে গোপন সংবাদের ভিত্তিতে ডিএমপির মোহাম্মদপুর থানাধীন চন্দ্রিমা মডেল টাউন এলাকায় এই যৌথ অভিযান পরিচালনা করা হয়।

​গ্রেফতারকৃতরা হলেন— খুলনার রূপসা থানার দেওয়ারা এলাকার রফিকুল ইসলামের ছেলে ইমরান ওরফে শুটার ইমরান (৪০), আইচগাতি এলাকার আনোয়ার খানের ছেলে ইমন খান (২১), রাজাপুর এলাকার মৃত আব্দুর রশিদের ছেলে মো. আল আমিন (২০), বাহাপুর এলাকার মো. রুহুল মুন্সির ছেলে রফিকুল ইসলাম (২১) এবং আইচগাতি এলাকার আব্দুল হালিম সিকদারের ছেলে হানিফ সিকদার (১৯)।

​এসআরবি জানায়, গ্রেফতারকৃত ইমরান ও তার সহযোগীরা খুলনা অঞ্চলের দুর্ধর্ষ সন্ত্রাসী ও মাদক সিন্ডিকেটের অন্যতম মূল হোতা। প্রাথমিক জিজ্ঞাসাবাদ ও প্রাপ্ত তথ্যে জানা গেছে, তারা খুলনা আদালত চত্বরে সংঘটিত চাঞ্চল্যকর জোড়া খুন এবং রূপসায় দেড় মাসের ব্যবধানে চাঞ্চল্যকর পিতা-পুত্র হত্যাকাণ্ডের সাথে সরাসরি জড়িত। এছাড়াও তাদের বিরুদ্ধে খুলনা সদর থানায় অস্ত্র মামলা এবং গোপালগঞ্জ সদর থানায় মাদক মামলা রয়েছে। তারা দীর্ঘদিন ধরে খুলনা মহানগরসহ জেলার রূপসা, তেরখাদা ও দিঘলিয়া এলাকায় ‘বি-কোম্পানি’র হয়ে চাঁদাবাজি ও মাদক ব্যবসা নিয়ন্ত্রণ করে আসছিল।

​অভিযানকালে আসামিদের দেহ ও আস্তানা তল্লাশি করে একটি বিদেশি রিভলবার ও পাঁচ রাউন্ড তাজা গুলি উদ্ধার করা হয় এবং উপস্থিত সাক্ষীদের সামনে তা বিধি মোতাবেক জব্দ করা হয়।

​এ ঘটনায় গ্রেফতারকৃতদের বিরুদ্ধে ডিএমপির মোহাম্মদপুর থানায় অস্ত্র আইনে একটি নিয়মিত মামলা দায়ের করা হয়েছে। উদ্ধারকৃত আলামতসহ আসামিদের সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে বলে এসআরবি সূত্রে নিশ্চিত করা হয়েছে।

এ সম্পর্কিত খবর

আরও পড়ুন