মোহাম্মদপুরে কিশোর গ্যাংয়ের দৌরাত্ম্য, গ্রেপ্তার ৪

মোহাম্মদপুর প্রতিনিধি

প্রকাশ: ১৭:৫১, ২৯ নভেম্বর ২০২৬ | আপডেট: ১৭:৫৩, ২৯ নভেম্বর ২০২৬

মোহাম্মদপুরে কিশোর গ্যাংয়ের দৌরাত্ম্য, গ্রেপ্তার ৪

রাজধানীর মোহাম্মদপুরে পৃথক দুটি অভিযান চালিয়ে তালিকাভুক্ত দুই কিশোর গ্যাংয়ের চার সদস্যকে গ্রেপ্তার করেছে এসআরবি-২।

রোববার (২৯ নভেম্বর) দুপুরে এসআরবি-২-এর উপপরিচালক (মিডিয়া) মেজর এম মুবীন রহমান তাপসের পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। 

তিনি বলেন, মোহাম্মদপুরের রায়েরবাজার শহীদ বুদ্ধিজীবী কবরস্থান ও পাবনা হাউজিং গলি এলাকায় শনিবার (২৮ নভেম্বর) রাতে পৃথক অভিযান চালিয়ে চারজনকে গ্রেপ্তার করা হয়। এ সময় গ্রেপ্তারদের কাছ থেকে একটি সুইচ গিয়ার চাকু ও একটি চাপাতি উদ্ধার করা হয়। 

গ্রেপ্তাররা হলেন—‘ফালান’ গ্রুপের সক্রিয় সদস্য ইমরান (২৩) ও তার সহযোগী সোহাগ (২৫)। অপরদিকে, ‘কান্তা ফিরোজ’ গ্রুপের সক্রিয় সদস্য জিহাদ ওরফে পাগলা জিহাদ (২৪) এবং তার সহযোগী রাব্বি (২৫)। 

এসআরবি-২ জানায়, প্রাথমিক অনুসন্ধানে গ্রেপ্তার ব্যক্তিদের বিরুদ্ধে মোহাম্মদপুর এলাকায় কিশোর গ্যাংয়ের নেতৃত্ব দেওয়া, এলাকায় আধিপত্য বিস্তার ও ছিনতাইসহ বিভিন্ন অপরাধে জড়িত থাকার তথ্য পাওয়া গেছে। অভিযোগ অনুযায়ী, তারা ধারালো অস্ত্রের ভয় দেখিয়ে পথচারীদের কাছ থেকে টাকা, স্বর্ণালংকার, মুঠোফোনসহ বিভিন্ন মূল্যবান সামগ্রী ছিনিয়ে নিতেন।

গ্রেপ্তার ব্যক্তিদের বিরুদ্ধে বিভিন্ন থানায় দায়ের করা মামলার তথ্য যাচাই করে দেখা গেছে, ইমরানের বিরুদ্ধে মোহাম্মদপুর থানায় দস্যুতার দুটি মামলা রয়েছে। সোহাগের বিরুদ্ধে দস্যুতার একটি ও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে দুটি মামলা রয়েছে।

এদিকে, পাগলা জিহাদের বিরুদ্ধে দস্যুতার দুটি মামলা এবং রাব্বির বিরুদ্ধে দস্যুতা ও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি করে মামলা রয়েছে।

গ্রেপ্তার ব্যক্তিদের বিরুদ্ধে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে বলে জানিয়েছে এসআরবি-২।

এ সম্পর্কিত খবর

আরও পড়ুন