ফয়েজ আহাম্মেদ, চাঁদপুর
প্রকাশ: ১৬:৩৯, ২৯ নভেম্বর ২০২৬
কচুয়া উপজেলা সদরের কচুয়া পাইলট উচ্চ বিদ্যালয় ও কচুয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় সংলগ্ন পুকুরপাড়ে নির্মিত এ শ্রেণিকক্ষের দৈর্ঘ্য ৪০ ফুট ও প্রস্থ ২০ ফুট। প্রায় সাড়ে ৭ লাখ টাকা ব্যয়ে নির্মিত পাঠশালাটির কাজ শুরু হয় চলতি বছরের ফেব্রুয়ারিতে, শেষ হয় সেপ্টেম্বর মাসে। চাঁদপুরের জেলা প্রশাসক আহমেদ জিয়াউর রহমানের উদ্যোগে এটি নির্মিত হয়। কাজের সার্বিক তত্ত্বাবধানে ছিলেন কচুয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা।
শুক্রবার (২৭ নভেম্বর) শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন আনুষ্ঠানিকভাবে ‘প্রকৃতির পাঠশালা’ উদ্বোধন করেন। অনুষ্ঠানে জেলা প্রশাসক আহমেদ জিয়াউর রহমান, উপজেলা নির্বাহী কর্মকর্তা অমিত রায়, কচুয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আজিজুল ইসলামসহ বিভিন্ন শ্রেণি-পেশার সুধীজন উপস্থিত ছিলেন।
কচুয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুল আউয়াল পাঠশালাটির তত্ত্বাবধায়ক হিসেবে দায়িত্ব পালন করছেন। তিনি জানান, এখানে শীতল পাটি বিছিয়ে মেঝেতে বসে শিক্ষার্থীরা পাঠ গ্রহণ করবে। একসঙ্গে ৩০ থেকে ৩৫ জন শিক্ষার্থীর বসার ব্যবস্থা রয়েছে। পুকুর, গাছপালা, মাঠ ও মাটির গন্ধে ঘেরা প্রাকৃতিক পরিবেশে পাঠ গ্রহণের সুযোগ তৈরি করাই এ উদ্যোগের মূল লক্ষ্য।
আব্দুল আউয়াল বলেন, শিশুদের প্রকৃতির কাছাকাছি এনে আনন্দ দেওয়া এবং শেকড়ের সঙ্গে পরিচয় করিয়ে দেওয়ার উদ্দেশ্যে জেলা প্রশাসক প্রায় এক বছর আগে বাঁশ ও ছন দিয়ে এ পাঠশালা তৈরির উদ্যোগ নেন।
শীর্ষ সংবাদ: