‎রাবিতে হামলা: পাবিপ্রবি প্রেসক্লাবের নিন্দা, দ্রুত বিচারের দাবি

‎ছামিউল চৌধুরী,পাবিপ্রবি

প্রকাশ: ২১:১৫, ৫ অক্টোবর ২০২৬

‎রাবিতে হামলা: পাবিপ্রবি প্রেসক্লাবের নিন্দা, দ্রুত বিচারের দাবি

রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) পেশাগত দায়িত্ব পালনকালে সাংবাদিকদের ওপর ছাত্রদলের নেতাকর্মীদের হামলার ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (পাবিপ্রবি) প্রেসক্লাব। একই সঙ্গে এ ঘটনার সুষ্ঠু তদন্ত করে জড়িতদের শনাক্ত ও দ্রুত বিচারের দাবি জানিয়েছে সংগঠনটি।

‎সোমবার (৫ অক্টোবর) পাবিপ্রবি প্রেসক্লাবের সভাপতি এমরান হোসেন তানিম ও সাধারণ সম্পাদক আলফি সানি এক যৌথ বিবৃতিতে এ নিন্দা ও প্রতিবাদ জানান।
‎
‎বিবৃতিতে নেতৃবৃন্দ বলেন, সাংবাদিকদের ওপর হামলা স্বাধীন সাংবাদিকতা ও মতপ্রকাশের অধিকারের ওপর সরাসরি আঘাত। বিশ্ববিদ্যালয়ের মতো জ্ঞানচর্চার প্রতিষ্ঠানে এ ধরনের বর্বরোচিত হামলার ঘটনা অত্যন্ত নিন্দনীয় ও উদ্বেগজনক। সাংবাদিকদের নিরাপত্তা নিশ্চিত করা সংশ্লিষ্ট প্রশাসনের দায়িত্ব।
‎
‎তারা আরো বলেন, এ ঘটনার সুষ্ঠু তদন্ত করে ভবিষ্যতে যাতে কোনো সাংবাদিক পেশাগত দায়িত্ব পালনকালে এমন হামলার শিকার না হন, সে বিষয়ে কার্যকর ব্যবস্থা গ্রহণ করতে হবে। একই সঙ্গে হামলায় জড়িতদের শনাক্ত করে দ্রুত বিচারের আওতায় আনার জন্য বিশ্ববিদ্যালয় প্রশাসনের প্রতি আহ্বান জানান তারা।
‎
‎বিবৃতিতে এ ঘটনাকে ‘গণমাধ্যমের কণ্ঠরোধের ঘৃণ্য অপচেষ্টা’ আখ্যা দিয়ে সাংবাদিকদের নিরাপত্তা ও স্বাধীনভাবে পেশাগত দায়িত্ব পালনের পরিবেশ নিশ্চিত করার দাবি জানানো হয়।
‎
‎গণমাধ্যম সূত্রে জানা যায়, রবিবার (৪ অক্টোবর) রাত সাড়ে ৮টার দিকে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শহীদ জিয়াউর রহমান হলের সামনে সাংবাদিক ও শিক্ষার্থীদের ওপর দেশীয় অস্ত্র নিয়ে হামলা চালান বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের নেতাকর্মীরা। এতে চার সাংবাদিকসহ অন্তত ১০ জন আহত হন।
‎
‎আহত সাংবাদিকরা হলেন—বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের প্রতিনিধি আরিফ উজ্জামান কোরবান, আগামীর সময়ের বিশ্ববিদ্যালয় প্রতিনিধি জাহিদুল ইসলাম, দ্য ডেইলি স্টারের প্রতিনিধি নূর আহসান মৃদুল এবং দৈনিক সমকালের প্রতিনিধি মাঈনুল ইসলাম রাজু। এছাড়া আরও কয়েকজন সাংবাদিক হামলার শিকার হন।

এ সম্পর্কিত খবর

আরও পড়ুন