মো. মিনহাজুর রহমান মাহিম, ইবি
প্রকাশ: ২১:২০, ৫ অক্টোবর ২০২৬
সোমবার (৫ অক্টোবর) রাতে ক্যাম্পাসের বিভিন্ন এলাকা ঘুরে এমন দৃশ্য চোখে পড়ে। শিশিরভেজা ঘাস, ঝাপসা হয়ে আসা দূরের গাছপালা আর কুয়াশায় আবছা হয়ে যাওয়া পথঘাট জানান দিচ্ছে, শীত এখনো পুরোপুরি না এলেও তার আগমনী বার্তা পৌঁছে গেছে ইবির সবুজ চত্বরে।
সরেজমিনে দেখা যায়, রাত বাড়ার সঙ্গে সঙ্গে ক্যাম্পাসের বিভিন্ন এলাকায় কুয়াশার ঘনত্ব বাড়তে থাকে। বিশ্ববিদ্যালয়ের মীর মুগ্ধ সরোবর, ডায়না চত্বর, প্রধান সড়ক, আবাসিক হলগুলোর আশপাশ, অনুষদ ভবনসংলগ্ন এলাকা ও সবুজ মাঠগুলোতে কুয়াশার আবরণ দেখা যায়। কোথাও কুয়াশা ছিল হালকা, আবার কোথাও তা ঘন হয়ে গাছপালা ও আশপাশের স্থাপনাগুলোকে আবছা করে রেখেছিল।
রাতে ক্যাম্পাসের বিভিন্ন সড়কে হাঁটতে বের হওয়া শিক্ষার্থীদের অনেকেই কুয়াশাচ্ছন্ন প্রকৃতির দৃশ্য উপভোগ করছেন। কেউ কেউ মোবাইল ফোনে ধারণ করছেন ক্যাম্পাসের রাতের এই পরিবর্তিত রূপ।
মীর মুগ্ধ সরোবর এলাকায় ঘুরতে আসা এক শিক্ষার্থী বলেন, “রাতে ক্যাম্পাসে এমনিতেই একটা নীরব পরিবেশ থাকে। এর সঙ্গে কুয়াশা যুক্ত হওয়ায় পরিবেশটা আরও সুন্দর ও মনোমুগ্ধকর হয়ে উঠেছে। মনে হচ্ছে শীত যেন আগেভাগেই ক্যাম্পাসে চলে এসেছে।”
ডায়না চত্বরে হাঁটতে বের হওয়া আরেক শিক্ষার্থী বলেন, “কয়েক দিন আগেও রাতে এমন কুয়াশা তেমন দেখা যায়নি। এখন রাত বাড়ার সঙ্গে সঙ্গে চারপাশ ঝাপসা হয়ে যাচ্ছে। শীতের আমেজটা বেশ ভালোই টের পাওয়া যাচ্ছে।”