নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ২২:৪৫, ৫ নভেম্বর ২০২৬
যুক্তরাষ্ট্রের নিউইয়র্কের ব্রুকলিনে একটি আবাসিক ভবনে ভয়াবহ অগ্নিকাণ্ডে অন্তত ছয়জনের মৃত্যু হয়েছে। এ ঘটনায় আরও কয়েকজন আহত হয়েছেন। বৃহস্পতিবার (৫ নভেম্বর) স্থানীয় সময় ভোরে সানসেট পার্ক এলাকার একটি দোতলা ভবনে এ দুর্ঘটনা ঘটে।
নিউইয়র্ক নগরীর অগ্নিনির্বাপক বিভাগ (এফডিএনওয়াই) জানায়, স্থানীয় সময় রাত ১টা ৪০ মিনিটের দিকে আগুন লাগার খবর পেয়ে দুই শতাধিক অগ্নিনির্বাপক ও জরুরি চিকিৎসাকর্মী ঘটনাস্থলে ছুটে যান। তাঁরা আগুন নিয়ন্ত্রণের পাশাপাশি আহত ব্যক্তিদের উদ্ধার ও চিকিৎসার ব্যবস্থা করেন।
ঘটনাস্থলে পৌঁছে ফায়ার সার্ভিসকর্মীরা ভবনটির নিচতলা ও দোতলায় আগুন ছড়িয়ে পড়তে দেখেন। এ সময় ভবনের ভেতরের সিঁড়িও ভেঙে পড়ে। প্রায় তিন ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হন তাঁরা।
এফডিএনওয়াইয়ের তথ্য অনুযায়ী, ভবনটি থেকে চারজনকে মৃত অবস্থায় উদ্ধার করা হয়। গুরুতর আহত এক পুরুষ ও এক নারীকে হাসপাতালে নেওয়া হলে চিকিৎসাধীন অবস্থায় তাঁদের মৃত্যু হয় বলে জানিয়েছে নিউইয়র্ক পুলিশ। তাৎক্ষণিকভাবে নিহতদের পরিচয় ও বয়স প্রকাশ করা হয়নি।
অগ্নিকাণ্ডে আরও চারজন বেসামরিক নাগরিক আহত হয়েছেন। এ ছাড়া আগুন নেভানোর সময় অন্তত তিনজন অগ্নিনির্বাপক কর্মীও আহত হন।
আগুন লাগার কারণ অনুসন্ধানে তদন্ত শুরু করেছে ফায়ার সার্ভিস বিভাগ। ঘটনাস্থলে একটি লিথিয়াম-আয়ন ব্যাটারির উপস্থিতি পাওয়ায় বিশেষ বিপজ্জনক পদার্থ নিয়ন্ত্রণকারী দলকে সেখানে পাঠানো হয়েছে বলে জানিয়েছে নিউইয়র্ক পুলিশ। তবে অগ্নিকাণ্ডের সঙ্গে ব্যাটারিটির কোনো সংশ্লিষ্টতা রয়েছে কি না, তা এখনো নিশ্চিত হওয়া যায়নি।
সূত্র: বিবিসি