নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ১৯:১১, ১২ নভেম্বর ২০২৬
বৃহস্পতিবার (১২ নভেম্বর) জাতীয় সংসদের চতুর্থ অধিবেশনের চতুর্থ দিনের কার্যক্রমে বক্তব্য দেওয়ার সময় স্বরাষ্ট্রমন্ত্রী এসব তথ্য জানান।
ঘটনার বিবরণ তুলে ধরে তিনি বলেন, নুসরাত তাবাসসুমের গ্রামের বাড়ির একটি টিনশেড আধা-পাকা ঘরে আগুন লাগে। ওই ঘর থেকে প্রায় ২০ মিটার দূরে তাঁর বাবা-মা একটি তিনতলা বাড়িতে বসবাস করেন। টিনশেড ঘরটিতে নিয়মিত কেউ থাকতেন না। সেখানে দুটি ছাগল ও কিছু আসবাবপত্র রাখা ছিল।
স্বরাষ্ট্রমন্ত্রী জানান, অগ্নিকাণ্ডের খবর পাওয়ার পরপরই নিকটবর্তী থানা থেকে ফায়ার সার্ভিসের গাড়ি এনে আগুন নিয়ন্ত্রণে আনা হয়। পরে অতিরিক্ত পুলিশ সুপার, থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি), পুলিশ সুপার ও বিজিবির সদস্যরা ঘটনাস্থল পরিদর্শন করেন।
আগুন লাগার প্রকৃত কারণ অনুসন্ধানে বিজিবি, ফায়ার সার্ভিস, পুলিশ ও সিভিল প্রশাসনের সমন্বয়ে যৌথ তদন্তের নির্দেশ দেওয়া হয়েছে বলেও জানান তিনি।
প্রাথমিক তদন্তের তথ্য তুলে ধরে সালাহউদ্দিন আহমদ বলেন, স্থানীয় বাসিন্দা ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের সঙ্গে কথা বলে এবং ঘটনাস্থলের বিভিন্ন আলামত পর্যালোচনা করে পেট্রলবোমা বিস্ফোরণের কোনো প্রমাণ পাওয়া যায়নি। এমনকি বিস্ফোরণের মতো কোনো শব্দ শোনার তথ্যও পাওয়া যায়নি।
তিনি আরও বলেন, ঘটনাস্থলের ছবি, দেয়াল ও অন্যান্য আলামত বিশ্লেষণে দেখা গেছে, বাড়িটি পুরোনো এবং এর বৈদ্যুতিক সংযোগের তারের অবস্থা দুর্বল ছিল। এ কারণে বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়ে থাকতে পারে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।
তবে অগ্নিকাণ্ডের প্রকৃত কারণ নিশ্চিত হতে সংশ্লিষ্ট সংস্থাগুলোর যৌথ তদন্তের ফলাফলের অপেক্ষা করতে হবে।