পেকুয়ায় শহীদ ওয়াসিমের কবর জেয়ারতে রাশেদ খান

রিয়াজ উদ্দিন, কক্সবাজার 

প্রকাশ: ০০:২৬, ৪ অক্টোবর ২০২৬

পেকুয়ায় শহীদ ওয়াসিমের কবর জেয়ারতে রাশেদ খান

জুলাই গণ-আন্দোলনে বিএনপি ও ছাত্রদলের কোনো ভূমিকা ছিল না—জামায়াতে ইসলামী ও জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) এমন একটি নেতিবাচক ধারণা প্রচারের চেষ্টা করছে বলে মন্তব্য করেছেন গণঅধিকার পরিষদের নেতা রাশেদ খান।

শনিবার (৩ অক্টোবর) দুপুর ১২টার দিকে কক্সবাজারের পেকুয়া উপজেলার মেহেরনামা এলাকায় জুলাই গণ-আন্দোলনে শহীদ ওয়াসিম আকরামের কবর জিয়ারত শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন।

রাশেদ খান বলেন, অনেক আগে থেকেই এই এলাকায় আসার ইচ্ছা ছিল। বিশেষ করে শহীদ ওয়াসিম আকরাম জীবন দিয়ে গোটা বাংলাদেশের মানুষকে সাহস জুগিয়েছেন। ওয়াসিমের পরিবারের সঙ্গে সাক্ষাৎ করা তাঁর নৈতিক দায়িত্ব। সন্তান হারানো এই পরিবারের সঙ্গে দেখা করতে পেরে তিনি নিজেকে ধন্য মনে করছেন।

তিনি বলেন, ‘আমাদের ছাত্রদের একজন নেতা ওয়াসিম আমাদের ছেড়ে বিদায় নিয়েছেন।’ একই সঙ্গে গণঅভ্যুত্থানে বিএনপি ও ছাত্রদলের কোনো ভূমিকা ছিল না—এ ধরনের ধারণা প্রচারের চেষ্টা করা হচ্ছে বলেও মন্তব্য করেন তিনি।

রাশেদ খান আরও বলেন, ‘যেদিন রংপুরে আবু সাঈদ শহীদ হন, একই দিন একই সময়ে চট্টগ্রামে ছাত্রদল নেতা ওয়াসিম আকরাম শহীদ হয়েছেন। শহীদ ওয়াসিমের প্রতি শ্রদ্ধা জানাতেই আমি কক্সবাজারে এসেছি।’
তিনি বলেন, ওয়াসিমের পরিবারের সঙ্গে সাক্ষাৎ করা শুধু আনুষ্ঠানিকতা নয়, এটি নৈতিক দায়িত্ব। যারা দেশের জন্য জীবন দিয়েছেন, তাদের পরিবারের পাশে দাঁড়ানো সবার কর্তব্য।

কবর জিয়ারত শেষে রাশেদ খান শহীদ ওয়াসিম আকরামের পরিবারের সদস্যদের সঙ্গে সাক্ষাৎ করেন এবং তাঁদের খোঁজখবর নেন। এ সময় উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আনিসুল ইসলাম, গণঅধিকার পরিষদের স্থানীয় নেতাকর্মী এবং বিএনপি ও উপজেলা যুবদলের আহ্বায়ক কামরান জাদিদ মুকুটসহ স্থানীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, ২০২৪ সালের ১৬ জুলাই চট্টগ্রামের মুরাদপুর এলাকায় আন্দোলন চলাকালে ওয়াসিম আকরাম নিহত হন। তিনি চট্টগ্রাম কলেজের শিক্ষার্থী ও ছাত্রদলের নেতা ছিলেন। তাঁর বাড়ি কক্সবাজারের পেকুয়া উপজেলার সদর ইউনিয়নের মেহেরনামা এলাকায়।

এ সম্পর্কিত খবর

আরও পড়ুন