নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ১২:২১, ২০ নভেম্বর ২০২৬
গত ৯ নভেম্বর শেখ হাসিনার জন্য নতুন পাসপোর্ট ও এনআইডি ইস্যুর অনুরোধ জানিয়ে বাংলাদেশের হাইকমিশনে চিঠি পাঠায় ম্যাট্রিক্স চেম্বার্স। চিঠিতে তাঁর আগের পাসপোর্ট ও এনআইডি বাতিলের বিষয়টি উল্লেখ করে নতুন নথি ইস্যুর প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার অনুরোধ জানানো হয়েছিল।
এবার ওই চিঠিতে শেখ হাসিনার স্বাক্ষর জাল করা হয়েছে বলে অভিযোগ তুলেছেন রাশেদ খাঁন। বৃহস্পতিবার (১৯ নভেম্বর) রাতে নিজের ফেসবুক পোস্টে তিনি এ তথ্য জানান।
ফেসবুক পোস্টে রাশেদ খাঁন দাবি করেন, নয়াদিল্লিতে বাংলাদেশ হাইকমিশনে কর্মরত এক কর্মকর্তার সঙ্গে এ বিষয়ে তাঁর কথা হয়েছে। যাচাই-বাছাইয়ের পর চিঠিতে স্বাক্ষর জালিয়াতির তথ্য পাওয়া গেছে বলে ওই কর্মকর্তা তাঁকে জানিয়েছেন।
রাশেদ খাঁন আরও বলেন, শেখ হাসিনা অতীতে সরকারি নথিপত্রে বাংলায় স্বাক্ষর করেছেন। তাই তাঁর পাসপোর্ট ও এনআইডি-সংক্রান্ত আবেদনে অন্য ধরনের স্বাক্ষর ব্যবহারের বিষয়টি নিয়ে প্রশ্ন উঠেছে। তাঁর দাবি, এনআইডিতে ব্যবহৃত বা স্বীকৃত স্বাক্ষরের বাইরে অন্য স্বাক্ষর ব্যবহার কিংবা জাল স্বাক্ষর দেওয়ার সুযোগ নেই।
পোস্টে তিনি ম্যাট্রিক্স চেম্বার্সের আইনজীবীদের সমালোচনা করে বলেন, শেখ হাসিনার স্বাক্ষর বাংলা না ইংরেজিতে—এ বিষয়ে তাঁর কাছ থেকে নিশ্চিত হয়ে নেওয়া উচিত ছিল।
তবে স্বাক্ষর জালিয়াতির অভিযোগের বিষয়ে ম্যাট্রিক্স চেম্বার্স বা সংশ্লিষ্ট হাইকমিশনের আনুষ্ঠানিক বক্তব্য পাওয়া যায়নি।
শীর্ষ সংবাদ: