পালিয়ে গিয়েও অনুচরদের দিয়ে হত্যাকাণ্ড ঘটানো হচ্ছে: রিজভী

নড়াইল প্রতিনিধি

প্রকাশ: ১৭:২৭, ২০ নভেম্বর ২০২৬ | আপডেট: ১৯:১০, ২০ নভেম্বর ২০২৬

পালিয়ে গিয়েও অনুচরদের দিয়ে হত্যাকাণ্ড ঘটানো হচ্ছে: রিজভী

নড়াইলের কালিয়ায় নিহত দুই স্থানীয় বিএনপি নেতার কবর জিয়ারত ও তাঁদের শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের সাথে সাক্ষাৎ করেছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী। আজ শুক্রবার (২০ নভেম্বর) তিনি কালিয়ায় গিয়ে নিহতদের কবর জিয়ারত করেন এবং পরিবারের সদস্যদের প্রতি সমবেদনা জানান।

কবর জিয়ারত শেষে উপস্থিত সাংবাদিক ও দলীয় নেতাকর্মীদের উদ্দেশে রুহুল কবির রিজভী বলেন, কালিয়া উপজেলায় অত্যন্ত বেদনাদায়ক ও হৃদয়বিদারক ঘটনা ঘটেছে। দেশের গণতান্ত্রিক পরিবেশ, শান্তি, স্থিতিশীলতা এবং নাগরিক অধিকার প্রতিষ্ঠায় বেগম খালেদা জিয়া ও তারেক রহমানের নেতৃত্বে বিএনপি সব সময় লড়াই করেছে। দেশে যেন আর কোনো মায়ের বুক খালি না হয় এবং কোনো স্ত্রী স্বামীহারা না হন, সে লক্ষ্যেই তারেক রহমান কাজ করে যাচ্ছেন।
ক্ষমতাচ্যুত আওয়ামী লীগ সরকারের সমালোচনা করে রিজভী বলেন, যাদের জিহ্বায় রক্তের তৃষ্ণা, দেশ থেকে পালিয়ে যাওয়ার পরও তাদের সেই তৃষ্ণা কমেনি। ২০২৪ সালের জুলাই-আগস্টের গণ-অভ্যুত্থানে আহনাফ, মুগ্ধ, আবু সাঈদ, ওয়াসিম আকরাম ও ফাইয়াজসহ স্কুল-কলেজ-বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের নির্বিচারে গুলি করেও তারা ক্ষান্ত হয়নি। ছাত্র-জনতার প্রবল প্রতিরোধের মুখে পালিয়ে যাওয়ার পরও পার্শ্ববর্তী দেশ থেকে ভেতরের অনুচরদের দিয়ে একের পর এক হত্যাকাণ্ড ঘটানো হচ্ছে।
নিহত দুই নেতার স্মৃতিচারণা করে বিএনপির এই জ্যেষ্ঠ নেতা বলেন, নির্মম হত্যাকাণ্ডের শিকার হয়েছেন কালিয়া উপজেলা জাসাসের সাধারণ সম্পাদক সোহেল রানা এবং পৌর কৃষকদলের সাধারণ সম্পাদক শাহিনুর ইসলাম। তাঁদের মা ও স্ত্রীর কাছে জবাব দেওয়ার কোনো ভাষা নেই।
হত্যাকাণ্ডের বিচারের দাবি জানিয়ে তিনি বলেন, অনেক চেষ্টার পরও দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব যেমন কেউ কেড়ে নিতে পারবে না, তেমনি এই হত্যাকাণ্ডের বিচারের অধিকারও কেউ কেড়ে নিতে পারবে না। গণতন্ত্র, স্বাধীনতা ও সার্বভৌমত্বের জন্য লড়াই করায় নিহত দুই নেতা শহীদের মর্যাদা পাবেন বলে উল্লেখ করে তিনি তাঁদের আত্মার মাগফিরাত কামনা করেন।

এ সময় তাঁর সঙ্গে ছিলেন পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী শেখ ফরিদুল ইসলাম, বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত, নড়াইল-১ আসনের সংসদ সদস্য ও জেলা বিএনপির সভাপতি বিশ্বাস জাহাঙ্গীর আলম, জেলা বিএনপির সাধারণ সম্পাদক মনিরুল ইসলামসহ স্থানীয় বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা।

আরও পড়ুন