প্রকাশ: ২২:১৬, ১৩ মে ২০২৫ | আপডেট: ১৭:১৬, ১৫ জুলাই ২০২৫
আল আমিন মোহ, সোহরাওয়ার্দী কলেজ প্রতিনিধি :
নানান বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে সোহরাওয়ার্দী কলেজ সাংবাদিক সমিতি (সোকসাস)-এর তৃতীয় প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন অনুষ্ঠান অনু্ষ্ঠিত হয়েছে। একই সঙ্গে অনুষ্ঠিত হয়েছে সাংবাদিক সমিতির কার্যালয় উদ্বোধন অনুষ্ঠান।
আজ মঙ্গলবার, সকাল ১১টা ৩০ মিনিটে সরকারি শহীদ সোহরাওয়ার্দী কলেজের শহীদ সাংবাদিক মেহেদী হাসান অডিটোরিয়ামে শুরু হয় সোহরাওয়ার্দী কলেজ সাংবাদিক সমিতি (সোকসাস)- এর তৃতীয় প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন অনুষ্ঠান।
সোকসাসের সভাপতি ইয়াসিন মোল্লার সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন সরকারি শহীদ সোহরাওয়ার্দী কলেজের সম্মানিত অধ্যক্ষ ড. কাকলী মুখোপাধ্যায়। প্রধান আলোচক হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন একুশে পদকপ্রাপ্ত, দেশ বরেণ্য সাংবাদিক, দৈনিক আমার দেশ পত্রিকার প্রকাশক ও সম্পাদক জনাব মাহমুদুর রহমান। বিশেষ আলোচক হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা সাংবাদিক ইউনিয়নের সভাপতি শহিদুল ইসলাম।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে আরও উপস্থিত ছিলেন কলেজের উপাধ্যক্ষ ড. ফরিদা ইয়াসমিন, দৈনিক প্রতিদিনের কাগজের ভারপ্রাপ্ত সম্পাদক খায়রুল আলম রফিক, আজকের পত্রিকার হেড অব এডুকেশন আব্দুল রাজ্জাকসহ গণ্যমান্য ব্যক্তিবর্গ।
এছাড়াও উপস্থিত ছিলেন ঢাকা ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি সাংবাদিক সমিতি, বাঙলা কলেজ সাংবাদিক সমিতি, ইডেন মহিলা কলেজ সাংবাদিক সমিতি, বদরুন্নেসা কলেজ সাংবাদিক সমিতি, তিতুমীর কলেজ সাংবাদিক সমিতি, জগন্নাথ বিশ্ববিদ্যালয়সহ নানা সাংবাদিক সমিতির সদস্য ও সংবাদকর্মীরা। কলেজটির বিভিন্ন বিভাগের শিক্ষক-শিক্ষার্থী, সোকসাসের সাবেক ও বর্তমান সদস্যসহ আমন্ত্রিত অতিথিরা অনুষ্ঠানটিকে প্রাণবন্ত করে তোলেন।
প্রধান অতিথির বক্তব্যে অধ্যাপক ড. কাকলী মুখোপাধ্যায় জানান, “সাংবাদিকতা মানেই দায়িত্বশীলতা ও বস্তুনিষ্ঠতা। সোকসাসের সদস্যরা যেভাবে সচেতনভাবে কাজ করে যাচ্ছে, তা সত্যিই প্রশংসনীয়। কলেজ প্রশাসন সবসময়ই তাদের পাশে থাকবে।”
প্রধান আলোচক মাহমুদুর রহমান বলেন, “সত্য ও ন্যায়ের পক্ষে কলম ধরার অভ্যাস গড়ে তুলতে হবে এখন থেকেই। কলেজজীবন থেকেই দায়িত্বশীল সাংবাদিকতা শেখা গেলে, ভবিষ্যতে জাতীয় পর্যায়ের সাংবাদিকতায় নেতৃত্ব দেওয়া সম্ভব।”
বিশেষ আলোচক শহিদুল ইসলাম বলেন, “যেকোনো ভালো সাংবাদিকতার শুরু হয় ক্যাম্পাস থেকেই। সোকসাস সেই জায়গা থেকে একটি শক্তিশালী প্ল্যাটফর্ম হিসেবে প্রতিষ্ঠা পেয়েছে।”
সোকসাসের সভাপতি ইয়াসিন মোল্লা বলেন, “গত তিন বছর ধরে আমরা তথ্যভিত্তিক সাংবাদিকতা, শিক্ষামূলক প্রতিবেদন ও ক্যাম্পাস বিষয়ক নানা ইস্যুতে কাজ করেছি। আজ আমাদের নিজস্ব কার্যালয় উদ্বোধনের মাধ্যমে সেই পথচলা আরও সুদৃঢ় হলো।"
অনুষ্ঠানের শেষ পর্বে কেক কেটে সোকসাসের ৩য় বর্ষপূর্তি এবং ৪র্থ বর্ষে পদার্পণ উদযাপন করা হয় এবং নতুন কার্যালয়ের আনুষ্ঠানিক উদ্বোধন ঘোষণা করা হয়।
উল্লেখ্য, অনুষ্ঠানটিতে সোহরাওয়ার্দী কলেজ সাংবাদিক সমিতি সোকসাসের সেরা রিপোর্টদাতা হিসেবে সম্মাননা পান সংগঠনটির অর্থ সম্পাদক আবিদ হোসেন স্মরণ, কার্যনির্বাহী সদস্য রাহিমা বেগম স্মৃতি, সহকারী সদস্য শাহরিয়ার আজিম।