মোঃ শফিকুল ইসলাম সাকিল, নড়াইল
প্রকাশ: ১৯:২৭, ২৮ আগস্ট ২০২৬
চিত্রাঙ্কন প্রতিযোগিতায় শিশুদের রঙ-তুলিতে উঠে আসে বাংলাদেশের জাতীয় পতাকা, ফুল-ফল, প্রকৃতি, গ্রামীণ পরিবেশ, এস এম সুলতানের প্রতিকৃতি, নৌকাবাইচসহ বিভিন্ন বিষয়। শিশুদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে উৎসবস্থলে সৃষ্টি হয় প্রাণবন্ত পরিবেশ।
এ ছাড়া সাংবাদিক, শিক্ষার্থী, সৌখিন আলোকচিত্রীসহ বিভিন্ন পেশার মানুষের অংশগ্রহণে অনুষ্ঠিত হচ্ছে ‘আলোকচিত্র প্রদর্শনী’। প্রদর্শনীতে বিভিন্ন বিষয় ও দৃশ্যের ছবি স্থান পেয়েছে।
এস এম সুলতান শিশু চারু ও কারুকলা ফাউন্ডেশন এবং বেঙ্গল ফাউন্ডেশনের আয়োজনে শুক্রবার সকালে চিত্রাঙ্কন প্রতিযোগিতার উদ্বোধন করেন অনুষ্ঠানের প্রধান অতিথি জেলা পরিষদ প্রশাসক বীর মুক্তিযোদ্ধা মোস্তাফিজুর রহমান আলেক।
এ সময় উপস্থিত ছিলেন নড়াইল সরকারি ভিক্টোরিয়া কলেজের অধ্যক্ষ অধ্যাপক হায়দার আলী দেওয়ান, জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা জাহাঙ্গীর আলম, খুলনা বিশ্ববিদ্যালয়ের অবসরপ্রাপ্ত শিক্ষক বিমানেশ চন্দ্র বিশ্বাস, এস এম সুলতান শিশু চারু ও কারুকলা ফাউন্ডেশনের সভাপতি শেখ হানিফ, সদস্য সচিব সসীম সরকার, এস এম সুলতান স্মৃতি সংগ্রহশালার কিউরেটর তন্দ্রা মুখার্জি, সহকারী কিউরেটর মেহেদী হাসান রানা, এস এম সুলতান ফাউন্ডেশনের আজীবন সদস্য ও নড়াইল প্রেসক্লাবের সহসভাপতি সুলতান মাহমুদ, সাংস্কৃতিক ব্যক্তিত্ব আসাদ রহমান, নাজমুল হাসান লিজাসহ সুলতানপ্রেমীরা।
দু’দিনব্যাপী এ উৎসবে শিশুদের চিত্রাঙ্কন ও আলোকচিত্র প্রদর্শনীর পাশাপাশি আলোচনা সভা, পুরস্কার বিতরণ ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন রয়েছে।
বরেণ্য চিত্রশিল্পী এস এম সুলতান ১৯২৪ সালের ১০ আগস্ট নড়াইলের মাছিমদিয়ায় জন্মগ্রহণ করেন। ১৯৯৪ সালের ১০ অক্টোবর তিনি মৃত্যুবরণ করেন। ‘মাটি ও মানুষের চিত্রশিল্পী’ হিসেবে পরিচিত এস এম সুলতানকে নড়াইল শহরের কুড়িগ্রামে অবস্থিত স্মৃতি সংগ্রহশালা চত্বরে চিরনিদ্রায় শায়িত করা হয়েছে।